‘চিরসখা’-র বুবলাই, অভিনেতা ভিভান ঘোষ বরং পাশে দাঁড়ালেন ম্যাজিক মোমেন্টস-এর৷ একদিকে কুশীলবদের সোচ্চার প্রতিবাদে টলিপাড়া যখন কার্যত স্তব্ধ হওয়ার মুখে, তখন ভিভান সোশ্যাল মিডিয়ায় লিখলেন ‘চিরসখা’-ই এই প্রযোজনা সংস্থায় তাঁর প্রথম ধারাবাহিক৷ ভিভানের অভিজ্ঞতা বলছে ম্যাজিক মোমেন্টস যে সম্মান শিল্পীদের দেয়, সেটা অন্য কোনও হাউস দেয় না৷ তিনি লিখছেন, কমফোর্ট জোন আছে বলেই সাবিত্রী চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়েক মতো আর্টিস্টরা শুধু ম্যাজিক মোমেন্টস-এই কাজ করেন৷ ভিভানের কথায়, ‘লীনা গাঙ্গুলির সাথে কাজ করার জন্য সকলে উদগ্রীব থাকে৷ এই কথাগুলো না বললে নিজেকে কেমন দোষী দোষী লাগছিলো৷’
advertisement
তবে একইসঙ্গে ভিভান শিল্পীদের নিরাপত্তার স্বার্থে কর্মবিরতি সমর্থন করছেন৷ তিনি মনে করেন এই উদ্যোগ আরও আগে নেওয়া উচিত ছিল৷ তাঁর আশা, ভবিষ্যতে এরকম দুর্ঘটনা আর হবে না৷ প্রযোজনা সংস্থার পাশে দাঁড়ালেও তাঁর পোস্টের শুরুতেই রাহুল অরুণোদয়কে স্মরণ করেছেন ভিভান৷ জানিয়েছেন রাহুলের সঙ্গে তাঁর আলাপ ১২ বছরের৷ তবে তাঁদের বন্ধুত্বের বয়স মাত্র ১ মাস৷ রাহুলের সঙ্গে দেওয়া আড্ডার স্মৃতি তাঁর মনে এখনও তাজা৷ পরে এই পোস্ট মুছে দেন ভিভান৷ তবে তত ক্ষণে স্ক্রিনশট হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তাঁর বার্তা৷
প্রসঙ্গত ম্যাজিক মোমেন্টস-এর ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’-র শ্যুটিং তালসারিতে করতে গিয়ে সমুদ্রে ডুবে প্রাণ হারান রাহুল অরুণোদয়৷ তাঁর মৃত্যুরহস্যের তদন্ত চলছে৷
