আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। একই দিনে মাধ্যমিক পরীক্ষার্থীদের ঐচ্ছিক বা অপশনাল বিষয়েরও পরীক্ষা। দু-টি পরীক্ষারই সময়সীমা ভিন্ন। পাশাপাশি, উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা ও প্ৰথম বা কোনও এক সেমিস্টার না দেওয়া এবং তৃতীয় সেমিস্টারে ব্যাক পাওয়া, এছাড়া গত বছর উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ পরিক্ষার্থীদেরও সেদিন পরীক্ষা নেওয়া হবে বলে স্কুল কর্তৃপক্ষ সূত্রে খবর। ফলে এই সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্র, পৃথক সব ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, সেদিনই মাধ্যমিকের শেষ পরীক্ষা থাকায় তাদের পরীক্ষারও আলাদা ব্যবস্থা করা, সব মিলিয়ে উচ্চমাধ্যমিক শুরুর দিন এক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকেরা বলে দাবি তাঁদের।
advertisement
শিক্ষকদের কথায়, মাধ্যমিকের এই অপশনাল পরীক্ষা সব পরীক্ষা কেন্দ্রে না থাকলেও, যেই কেন্দ্রগুলোতে রয়েছে সেখানে বাড়তি ব্যবস্থা করতেই হবে। ১৮ টি কেন্দ্রতে মাধ্যমিকের ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এছাড়া দু-টি পরীক্ষার সময়সীমাও ভিন্ন, ফলে বেল বাজানো নিয়েও বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছেন শিক্ষকেরা। এমন পরিস্থিতিতে একই দিনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্ৰথম পরীক্ষা পড়ায় কিছুটা হলেও চিন্তায় শিক্ষকেরা। হ্যামিল্টনগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক ও মাধ্যমিকের হ্যামিল্টনগঞ্জ সেন্টারের সম্পাদক অরিন্দম মজুমদার বলেন, “একই দিনে দুটি পরীক্ষা সফলভাবে পরিচালনা আমাদের কাছে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।এছাড়া মাধ্যমিকের শেষ পরীক্ষা থাকায় বেশ কিছু জায়গায় পরীক্ষা শেষে পড়ুয়ারা উচ্ছাসে মেতে উঠবে। সে কারণে সমস্যা আরও বাড়বে।” আলিপুরদুয়ার জেলা শিক্ষা বিভাগের পক্ষ থেকে ভাস্কর মজুমদার জানিয়েছেন, “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার সময় এক না হলেও দুই পরীক্ষার্থীদের কাছে অনুরোধ জানানো হচ্ছে পরীক্ষার এক ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে চলে আসার জন্য।”