সিরিয়ালের শ্যুটিং চলাকালীন তালসারির সমুদ্রে তলিয়ে গিয়ে অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের সমুদ্র কেড়ে নিল আরও দুটি প্রাণ। এবার মৃত্যুর ঘটনা ঘটল তাজপুরে। উত্তর ২৪ পরগণার সোদপুরের ঘোলা থেকে তাজপুর বেড়াতে গিয়েছিলেন চিকিৎসক দম্পতি কুন্তল চক্রবর্তী ও শৈলজা ভরদ্বাজ। বুধবার তাঁরা তাজপুরে বেড়াতে আসেন। তাজপুরের বিশ্ব বাংলা উদ্যানের কাছে স্নান করতে নামেন দু’জনেই। সেই সময় জোয়ার চলছিল। টাল সামলাতে না পেরে তাঁরা তলিয়ে যান বলে সন্দেহ করা হচ্ছে। জানা গিয়েছে, মৃত দু'জনের নাম কুন্তল চক্রবর্তী (৩৫) ও শৈলজা ভরদ্বাজ (৩০)। বাড়ি সোদপুরের ঘোলা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমুদ্রে নামার পর দু’জনেই বেসামাল হয়ে পড়েন প্রবল ঢেউয়ে। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে তড়িঘড়ি দু’জনকে উদ্ধার করতে এগিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। পরে ঘটনাস্থলে মন্দারমনি কোস্টাল থানার পুলিশ এসে দু’জনকে বালিসাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দম্পতিকে মৃত বলে ঘোষণা করেন।



