পশ্চিমবঙ্গে পরের বছরেই বিধানসভা ভোট, সেই আবহেই শুরু হয়ে গিয়েছে এসআইআরের তোড়জোড়। অবৈধ ভোটার ধরপাকড়ের জন্য শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। কিন্তু, এর মাঝেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। নৈহাটি বিধানসভা ভোটার লিস্টে পাকিস্তানের করাচির এক নাগরিকের নাম রয়েছে বলে জানালেন বারাকপুর এলাকার প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এই তথ্য সামনে আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, পাকিস্তানি নাগরিক সালেয়া ইমরানের নাম রয়েছে ভোটার তালিকায়। এই বিষয়টি, স্বীকার করে নিয়েছেন শাসক দলের বিধায়ক সনৎ দে। তাঁর স্ত্রী যে পাকিস্তানি সেই কথা স্বীকার করে নিয়েছেন সালেয়ার স্বামী মহম্মদ ইমরানও।



