আবারও হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামের পুকুরিয়ায়। মৃতের নাম পরিমল মাহাত (৬১)। পরিবার সূত্রে খবর, এদিন পরিমালবাবু বাড়ির বারান্দায় ঘুমোচ্ছিলেন। ভোর সাড়ে তিনটে নাগাদ দরজায় আওয়াজ হয়। দরজা খুলতেই একটি হাতি শুঁড়ে পেঁচিয়ে নিয়ে বাড়ির কিছু দূরে আছড়ে মেরে ফেলে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, চারটি হাতির দল বাঁদরভুলার দিক থেকে এসে এই ঘটনা ঘটিয়েছে। অপরদিকে এলাকাবাসীর অভিযোগ এলাকায় সারাদিনই হাতি ঘোরাফেরা করছে। যার জেরে কাজু বাগান থেকে কাজু বা শাল পাতা তুলতে যেতে পারছেন না জঙ্গলে। বনদফতরকে বারবার বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।



