নিজেদের সুবিধার জন্য স্টেশন আসার আগেই যাত্রীরা চেন টেনে ট্রেন দাঁড় করিয়েছিলেন৷ তিস্তা রেল সেতুর উপরে থেমে গিয়েছিল প্যাসেঞ্জার ট্রেন৷ কিন্তু একাধিক কামরা থেকে একসঙ্গে চেন টানায় খুলে গিয়েছিল কামরার নীচে থাকা ভাল্ব৷ ফলে এগোতে পারছিল না ট্রেন৷ শেষ পর্যন্ত রেল সেতুর উপরে প্রাণের ঝুঁকি নিয়ে ট্রেনের নীচে ঢুকে ভাল্ব লাগালেন ট্রেনের সহকারী চালক৷ জীবনের ঝুঁকি নিয়ে এই কাজের জন্য ওই ট্রেন চালককে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে রেল৷



