কলকাতা: ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে চেয়ে বিজেপি নির্বাচন কমিশনের কাছে ৭-৮ দফায় ভোট করানোর দাবি জানিয়েছিল। তাদের দাবি ছিল, কেন্দ্রীয় বাহিনীকে সুষ্ঠুভাবে ব্যবহার করে স্বচ্ছ এবং শান্তিপূর্ণ ভোট করা৷ কিন্তু, একুশের সেই দাবি থেকে ছাব্বিশে একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেল বিজেপি৷ এবার তারা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে দাবি জানাল, ৭-৮ দফায় নয়, রাজ্যে এবারে এক দু’দফায় ভোট করাতে চায় তারা৷ সোমবার কমিশনের ফুল বেঞ্চের সামনে ১৬ দফা দাবি জানিয়ে এল বিজেপির প্রতিনিধি দল৷ এদিন বিজেপির প্রতিনিধি দলে ছিলেন তাপস রায়, শিশির বাজোরিয়া এবং জগন্নাথ চট্টোপাধ্যায়৷ কমিশনের ফুল বেঞ্চের সামনে নিজেদের ১৬ দফা দাবি পেশ করে বিজেপির তরফ থেকে কমিশনকে জানানো হয়, ৭-৮ দফায় নির্বাচন করা দরকার নেই। তবে সেনসিনিটিভ বুথ চিহ্নিত করা প্রয়োজন৷ এছাড়া, রাজ্য পুলিশ যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে, তা নিয়েও কমিশনের কাছে অসন্তোষ প্রকাশ করে রাজ্য বিজেপির প্রতিনিধি দল৷



