West Bengal Weather Update: রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা ! উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টি, চলবে আরও কতদিন?
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
রবিবার থেকে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় চলছে সেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে এই ঝড়বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আপাতত তিন দিন সর্বোচ্চ তাপমাত্রার হেরফের হচ্ছে না। বৃষ্টি কমলে আবার বাড়বে তাপমাত্রা। পরের চার দিন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ‘গাল্ফ অফ মান্নার’ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত এই অক্ষরেখা। ‘উইন্ড প্যাটার্ন’-এর টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বা তার বেশি গতিতে ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী ২৪ ঘণ্টায়।
advertisement
রাজ্যে আজ, বুধবার ঝড়বৃষ্টিতে দুর্যোগের পরিস্থিতি রয়েছে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির স্পেল চলবে। ঝড়বৃষ্টিতে কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি হবে আজ, বুধবার। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ তীব্র বৃষ্টি। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
advertisement
দক্ষিণবঙ্গে আজ, বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ ঝড়বৃষ্টি শুরু। বিকেল বা সন্ধ্যায় কালবৈশাখীর দুর্যোগের আশঙ্কা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলাতে ঝড়বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে দমকা ঝড় বইতে পারে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে। পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। উইকেন্ডে শনি, রবি এবং সোমবার শুষ্ক আবহাওয়া তাপমাত্রা বাড়বে। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান।
advertisement
উত্তরবঙ্গে আজ, বুধবার কালবৈশাখী ঝড়বৃষ্টির দুর্যোগ বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বৃষ্টি হতে পারে ১১০ মিলিমিটার পর্যন্ত। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে পাঁচ জেলায়। সম্ভাবনা বেশি থাকবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে। ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার, সর্বোচ্চ ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত। বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বৃহস্পতিবার সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হালকা ছিল হাওয়া। শুক্রবার শুধুমাত্র উপরের দিকের পাঁচ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। উইকেন্ডে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা তাপমাত্রা সামান্য বাড়বে।
advertisement
কলকাতায় ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। আজ, বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে ঝড়বৃষ্টির দাপট বাড়তে পারে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আগামিকাল, বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস। উইকেন্ডে শুষ্ক আবহাওয়া থাকবে।








