East Bardhaman News: ঝুঁকি কমবে মুমূর্ষু রোগীদের! বর্ধমান মেডিকেল কলেজে শয্যার পাশেই মিলবে ডায়ালাইসিস সুবিধা
- Reported by:Sayani Sarkar
- local18
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
চিকিৎসা পরিষেবায় নতুন দিগন্ত,আরও উন্নত পরিষেবার মিলবে এবার বর্ধমান মেডিকেলেই।চালু হলো বেড-সাইড ডায়ালাইসিস ও অত্যাধুনিক ডিজিটাল ফ্লুরোস্কোপি।
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: চিকিৎসা পরিষেবায় নতুন দিগন্ত,আরও উন্নত পরিষেবার মিলবে এবার বর্ধমান মেডিকেলেই।
চিকিৎসা পরিষেবাকে আরও আধুনিক ও রোগীবান্ধব করতে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যুক্ত হল দুটি অত্যাধুনিক প্রযুক্তি।চালু হল বেড-সাইড ডায়ালাইসিস ও অত্যাধুনিক ডিজিটাল ফ্লুরোস্কোপি।এদিন একটি অনুষ্ঠানের মাধ্যমে এই দুই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস,বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী ব্যানার্জী, হাসপাতাল সুপার তাপস ঘোষ সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ।
advertisement
নতুন শয্যার পাশেই ডায়ালাইসিস পরিষেবা চালু হওয়ায় গুরুতর অসুস্থ রোগীদের আর আলাদা করে ডায়ালাইসিস ইউনিটে নিয়ে যেতে হবে না। নিবিড় পরিচর্যা কক্ষ বা সাধারণ ওয়ার্ডেই প্রয়োজন অনুযায়ী ডায়ালাইসিস করা সম্ভব হবে। এতে সংকটজনক রোগীদের চিকিৎসা আরও দ্রুত ও সহজ হবে বলে মনে করছেন চিকিৎসকেরা।
advertisement
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় এক কোটি টাকার কাছাকাছি ব্যয়ে বসানো হয়েছে এই অত্যাধুনিক ডিজিটাল ফ্লুরোস্কোপি যন্ত্র। রাজ্যের হাতে গোনা কয়েকটি বড় সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে এই প্রযুক্তি রয়েছে।যেমন-কলকাতার স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেই তালিকায় এবার যুক্ত হল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালও। হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে,এখানে বছরে প্রায় ১২০০ থেকে ১৩০০টি ডায়ালাইসিস করা হয়। নতুন পরিষেবা চালু হওয়ায় সেই পরিষেবার পরিধি ও কার্যকারিতা আরও বাড়বে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের।
advertisement
একই সঙ্গে রেডিওলজি বিভাগে বসানো ডিজিটাল ফ্লুরোস্কোপি প্রযুক্তির মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গের চলমান ছবি সরাসরি দেখা যাবে।
চিকিৎসকদের মতে, জটিল রোগ নির্ণয় এবং বিভিন্ন পরীক্ষায় এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ সহায়ক হবে।হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এই নতুন পরিষেবা চালু হওয়ায় বর্ধমানের পাশাপাশি পার্শ্ববর্তী জেলার বহু রোগী উন্নত চিকিৎসা পরিষেবার সুবিধা পাবেন।
হাসপাতাল সুপার তাপস কুমার ঘোষ জানিয়েছেন,বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সারা মাসে প্রায় ১২০০-র কাছাকাছি রোগীর ডায়ালিসিস করতে হয়।অনেক সময়ই রোগীকে আইসিইউতে ভর্তি থাকাকালীন তাঁর ডায়ালিসিস প্রয়োজন হয়।অনেক সময় রোগীকে নড়াচড়া করা বারণ থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়েই ডায়ালিসিস করতে নিয়ে যেতে হত।অত্যাধুনিক এই বেড সাইড ডায়ালিসিস মেশিন রোগীর বেডের পাশেই থাকবে। ফলে রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার দরকার পড়বে না। এতে রোগীর প্রাণের ঝুঁকিও কমবে।বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দুই বর্ধমান ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকেও প্রচুর রোগী আসেন। বিশেষ করে সাপে কাটা রোগীদের ক্ষেত্রে এই ডায়ালিসিস অত্যন্ত জরুরী হয়। এরই পাশাপাশি ডা. তাপস কুমার ঘোষ জানিয়েছেন, ডিজিটাল ফ্লুরোস্কোপি মেশিনের প্রায় ১ কোটি টাকা দাম।এটা মুখ্যমন্ত্রী অনুমোদন করেছেন।এটা দিয়ে পেরিফেরাল এনজিওগ্রাফি করা যাবে।হাঁটু প্রতিস্থাপনের ক্ষেত্রে যাতে দুই পা-এর মাপ সঠিক থাকে অপারেশনের সময় সেই বিষয়েও এই যন্ত্র ব্যবহার করে ফল পাওয়া যাবে। এই ডিজিটাল ফ্লুরোস্কোপি মেশিন এক্স-রে মেশিনের থেকেও উন্নতমানের। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ছবি নিঁখুতভাবে জানা যাবে শুধু নয়, এই যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে রশ্মি বিকিরণের যে বিপদের ঝুঁকি থাকবে তা একেবারেই নেই। তিনি এদিন জানিয়েছেন, টার্সারি ক্যানসার সেন্টারে আধুনিক সরঞ্জাম প্রতিস্থাপন করা হয়েছে। এগুলিও কিছুদিনের মধ্যে চালু করা হবে।
advertisement
অন্যদিকে, এদিন বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষা ডা. মৌসুমী ব্যানার্জ্জী জানিয়েছেন, নতুন অত্যাধুনিক এই সমস্ত প্রযুক্তি চালুর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা যাঁরা মেশিন দিচ্ছেন তাঁরাই প্রশিক্ষণ দিয়ে দিচ্ছেন।ফলে মেশিন পরিচালনার ক্ষেত্রেও এখন আর কোন ও রকম সমস্যা থাকছে না।
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Mar 07, 2026 7:17 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: ঝুঁকি কমবে মুমূর্ষু রোগীদের! বর্ধমান মেডিকেল কলেজে শয্যার পাশেই মিলবে ডায়ালাইসিস সুবিধা










