Nadia News: বাথরুমে বাচ্চার জামাকাপড় মেলা নিয়ে বচসা! শান্তিপুরে এক মাসের শিশুকে আছাড় মারার অভিযোগ, কাঠগড়ায় নিজের বাবা
- Reported by:Mainak Debnath
- Published by:Sneha Paul
Last Updated:
Nadia News: এক মাসের শিশুকে আছাড় মারার অভিযোগকে কেন্দ্র করে শান্তিপুরে চাঞ্চল্য। কাঠগড়ায় আহত শিশুটির বাবা ও ঠাকুরমা। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ পণের দাবিতে গৃহবধূর উপর শ্বশুরবাড়ির ক্রমাগত অত্যাচার এবং এক মাসের দুধের শিশুকে আছাড় মারার অভিযোগকে কেন্দ্র করে নদিয়ার শান্তিপুরে চাঞ্চল্য ছড়াল। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে থাকা সেই অসহায় গৃহবধূর হাতে তখন চিকিৎসকের প্রেসক্রিপশন ও কোল জুড়ে কান্নায় ভেঙে পড়া একরত্তি শিশু। অভিযোগের আঙুল স্বামী জাবির শেখ ও শাশুড়ি সফুরা খাতুনের দিকে।
অভিযোগকারিণী সাইরুন খাতুনের বয়ান অনুযায়ী, বছর দুয়েক আগে ভালোবেসে বিয়ে করেছিলেন। বিয়ের পর প্রথম এক বছর সব স্বাভাবিক থাকলেও সাইরুন অন্তঃসত্ত্বা হওয়ার পর গোলমালের সূত্রপাত হয়। গৃহবধূর অভিযোগ, তাঁর শাশুড়ি তুচ্ছ কারণে অশান্তি শুরু করতেন। থালাবাসন মাজা থেকে ঘর পরিষ্কার— সব কিছুতেই খুঁত ধরা ছিল নিত্যদিনের ঘটনা। এর মধ্যেই বাপের বাড়ি থেকে খাট, সোফাসেট, সোনার গয়না এমনকি মোটরবাইক নিয়ে আসার জন্য ক্রমাগত চাপ দেওয়া শুরু হয়।
advertisement
আরও পড়ুনঃ বসিরহাটে একদিনে দুই মর্মান্তিক মৃত্যু! টোটোর ধাক্কা ও বাইকের বেপরোয়া গতিতে ভয়াবহ দুর্ঘটনা, শোকের ছায়া এলাকায়
সম্প্রতি ঘটনার চরম রূপ দেখা দেয়। সাইরুনের অভিযোগ, বাথরুমের ভিতর বাচ্চার জামাকাপড় মেলাকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা মুহূর্তে হাতাহাতিতে পৌঁছয়। তাঁর স্বামী জাবির শেখ ও শাশুড়ি মিলে তাঁকে বেধড়ক মারধর করেন। চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারার পাশাপাশি সাইরুনের কোল থেকে এক মাসের শিশুকে কেড়ে নিয়ে আছাড় মারা হয় বলেও অভিযোগ। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শিশুটির মাথায় গুরুতর চোট লেগেছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, সাইরুন ও জাবিরের এটি দ্বিতীয় সন্তান। এর আগে তাঁদের প্রথম সন্তান জন্মের মাত্র তিন দিন পরেই মারা গিয়েছিল। বারবার একই পরিস্থিতির সম্মুখীন হওয়া এই গৃহবধূ এখন বিচার চান। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও এই ঘটনায় অভিযুক্ত স্বামী বা শ্বশুরবাড়ির সদস্যদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Location :
Nadia,West Bengal
First Published :
Mar 31, 2026 6:53 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: বাথরুমে বাচ্চার জামাকাপড় মেলা নিয়ে বচসা! শান্তিপুরে এক মাসের শিশুকে আছাড় মারার অভিযোগ, কাঠগড়ায় নিজের বাবা









