Local Train service: রিষড়ায় আন্ডারপাসের কাজে হাওড়ার একাধিক লাইনে রাতভর বন্ধ থাকবে ট্রেন চলাচল
- Reported by:Bonoarilal Chowdhury
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Local Train service: হাওড়া ডিভিশনের একাধিক শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল। রিষড়ায় আন্ডারপাস নির্মাণের কাজের জন্য এই সিদ্ধান্ত নিল পূর্ব রেল। শনিবার রাত ১০টা ৪০ মিনিট থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।
হুগলি, বনোয়ারীলাল চৌধুরী: রিষড়ায় আন্ডারপাস নির্মাণের কাজের জন্য রাতভর ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এদিন শনিবার রাত ১০টা ৪০ মিনিট থেকে আগামীকাল রবিবার সকাল ৭টা পর্যন্ত ট্রেন পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
রিষড়া শহরের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে যোগাযোগের অন্যতম ভরসা স্টেশনের সামনে থাকা রেলগেট। প্রতিদিন এই গেট পারাপার করতে গিয়ে নিত্যযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। গেট নামলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, ফলে সমস্যা আরও বাড়ে। এই সমস্যার সমাধানে ২০০৯ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিষড়ায় আন্ডারপাস নির্মাণের ঘোষণা করেছিলেন। দীর্ঘদিন ধরে সেই কাজ চললেও গতি ছিল অত্যন্ত ধীর। তবে রেল সূত্রে খবর, চলতি বছরের মধ্যেই এই আন্ডারপাসের কাজ সম্পূর্ণ হয়ে রিষড়াবাসীর জন্য খুলে দেওয়া হতে পারে।
advertisement
advertisement
বর্তমানে কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। শেষ ধাপের কাজ দ্রুত শেষ করতে এদিন শনিবার রাত থেকে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের আগাম সতর্ক করতে প্রতিটি স্টেশনে মাইকিং করা হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। রেল কর্তৃপক্ষ আগেই বাতিল ট্রেনের তালিকা প্রকাশ করেছে। হাওড়া-বর্ধমান মেন শাখা, হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-তারকেশ্বর এবং হাওড়া-আরামবাগ লাইনের একাধিক ট্রেন এই সময়ের মধ্যে বাতিল থাকবে।
advertisement
রেল সূত্রে আরও জানা গিয়েছে, সকাল ৭টার পর ট্রেন পরিষেবা চালু হলেও ট্রেনের সংখ্যা কম থাকতে পারে। ফলে অফিস টাইমে যাত্রীদের বাড়তি ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।সব মিলিয়ে আন্ডারপাসের কাজ শেষের পথে হলেও, আপাতত ট্রেন বন্ধ ও পরিষেবা কমে যাওয়ায় যাত্রীদের সমস্যার মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Location :
Hugli,West Bengal
First Published :
Mar 28, 2026 8:34 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Local Train service: রিষড়ায় আন্ডারপাসের কাজে হাওড়ার একাধিক লাইনে রাতভর বন্ধ থাকবে ট্রেন চলাচল










