Digha New Guidelines: দিঘা ভ্রমণে নতুন গাইডলাইন, পর্যটকদের রক্ষায় অ্যাডভেঞ্চার রাইডে কঠোর প্রশাসন! না মানলে বিপদ
- Reported by:Saikat Shee
- Published by:Madhab Das
Last Updated:
Digha New Guidelines: ভ্রমণপিপাসুদের জন্য সতর্কবার্তা! দিঘার সমুদ্রে অ্যাডভেঞ্চার রাইড নিয়ে এবার নড়েচড়ে বসল প্রশাসন। পর্যটকদের সুরক্ষায় অ্যাডভেঞ্চার স্পোর্টসের ক্ষেত্রে আনা হয়েছে আমূল বদল। দুর্ঘটনা এড়াতে কী কী নিয়ম মানতে হবে, জানুন বিস্তারিত।
তমলুক, সৈকত শী: পূর্ব মেদিনীপুর জেলা উপকূলবর্তী জেলা! বঙ্গোপসাগরের কোলে এই জেলা। এর পাশাপাশি এই জেলার ওপর দিয়ে শিরা উপ শিরার মতো বয়ে গিয়েছে অনেক নদ-নদী। ফলে সমুদ্র ও নদীর উপকূলে পর্যটন ব্যবসা বাড়ছে জেলা জুড়ে। জেলা জুড়ে উপকূল কেন্দ্রিক পর্যটনে বাড়তি নজরদারি জেলা প্রশাসনের। বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায় উপকূলবর্তী পর্যটন কেন্দ্রে অ্যাডভেঞ্চার স্পোর্টস বা অ্যাডভেঞ্চার রাইড জনপ্রিয় হচ্ছে। জেলায় পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক নিয়মের বদল আনল। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্রগুলিতে অ্যাডভেঞ্চার স্পোর্টস পরিচালনার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন।
ছুটির মরশুম হোক কিংবা সপ্তাহান্ত—সমুদ্র উপভোগ করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক ভিড় জমান দিঘা, মন্দারমনি-সহ পূর্ব মেদিনীপুর জেলার একাধিক সমুদ্র সৈকতে। সমুদ্র স্নানের পাশাপাশি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে বিভিন্ন অ্যাডভেঞ্চার রাইড। তবে এই রাইডগুলির নিরাপত্তা নিয়ে অতীতে একাধিকবার প্রশ্ন উঠেছে। কয়েক বছর আগে মন্দারমনিতে প্যারাগ্লাইডিং করার সময় এক পর্যটকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর কিছুদিনের জন্য প্যারাগ্লাইডিং পরিষেবা বন্ধও রাখা হয়েছিল। সমুদ্রের মাঝামাঝি এলাকা থেকে আবার এই রাইড চালু করা হলেও অভিযোগ ছিল, অনেক ক্ষেত্রেই নিয়ম না মেনে এলোমেলোভাবে এই রাইড পরিচালনা করা হচ্ছিল। সেই সংক্রান্ত একাধিক অভিযোগ প্রশাসনের কাছেও জমা পড়ে।
advertisement
আরও পড়ুন: বাবার লড়াই সার্থক! মালদহের হকার কন্যা মিষ্টির জ্যাভলিনে কুপোকাত জাতীয় মঞ্চ, লক্ষ্য এখন অলিম্পিক
advertisement
ফলে জেলা জুড়ে পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার এইসব অ্যাডভেঞ্চার রাইডের ক্ষেত্রে নতুন নিয়ম মেনে দিল প্রশাসন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাইড পরিচালনায় শৃঙ্খলা আনতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখন থেকে নির্দিষ্ট কয়েকটি জায়গা থেকেই এই অ্যাডভেঞ্চার স্পোর্টস পরিচালিত হবে। সিদ্ধান্ত অনুযায়ী, দিঘায় তিনটি এবং মন্দারমনিতে দু’টি মিলিয়ে পাঁচটি নির্দিষ্ট স্থান থেকে প্যারাগ্লাইডিং, স্পিডবোট ও অন্যান্য রাইড পরিচালনা করা যাবে। এছাড়াও সমস্ত সংস্থাকে রোটেশন পদ্ধতিতে এই রাইড পরিচালনা করতে হবে, যাতে প্রত্যেক সংস্থা সমান সুযোগ পায় এবং পর্যটকদেরও নিরাপদ পরিবেশে পরিষেবা দেওয়া যায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) মানস কুমার মণ্ডল জানান, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাতে তারা সুষ্ঠুভাবে সমুদ্র উপভোগ করতে পারেন সেই লক্ষ্যেই অ্যাডভেঞ্চার স্পোর্টস পরিচালনাকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক করা হয়েছে। বৈঠকে তাদের বলা হয়েছে সরকারি নিয়ম মেনে চালাতে এবং নির্দিষ্ট পাঁচটি জায়গা থেকেই এই রাইড পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এর পাশাপাশি সরকারি নির্দেশিকা অনুযায়ী নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার, পর্যটকদের লাইফ জ্যাকেট প্রদান, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে রাইড পরিচালনা এবং পর্যটকদের সুরক্ষা সংক্রান্ত সমস্ত নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে নিয়মিত নজরদারিও চালান হবে বলে জানান হয়েছে।
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Mar 10, 2026 8:05 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Digha New Guidelines: দিঘা ভ্রমণে নতুন গাইডলাইন, পর্যটকদের রক্ষায় অ্যাডভেঞ্চার রাইডে কঠোর প্রশাসন! না মানলে বিপদ









