দিঘায় বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি! হোটেলের সুইমিং পুলে ডুবে মৃত্যু কলকাতার যুবকের
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
Digha Hotel Death: সৈকত নগরী দিঘায় বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি হল এক তরুণের। হোটেলের সুইমিং পুলে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল কলকাতার বাসিন্দার। ঘটনায় শোকের ছায়া।
পঙ্কজ দাশ রথী, দিঘা, পূর্ব মেদিনীপুর: দিঘায় বেড়াতে এসে হোটেলের সুইমিং পুলে নেমেই প্রাণ হারালেন এক যুবক। মৃতের নাম মহম্মদ আসলাম (২৩)। তিনি কলকাতার আনন্দপুর থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে আসলাম তাঁর ভাই ও বন্ধুদের সঙ্গে দিঘায় বেড়াতে আসেন। তাঁরা নিউ দিঘার একটি হোটেলে উঠেছিলেন। সোমবার রাতে সবাই মিলে হোটেলের সুইমিং পুলে স্নান করতে নামেন।
সেই সময় আচমকাই বিপত্তি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই জলে ডুবে যেতে থাকেন আসলাম। প্রথমে বিষয়টি স্পষ্টভাবে বোঝা না গেলেও কিছুক্ষণ পর বন্ধুরা বিষয়টি টের পান। দ্রুত তাঁকে জলের বাইরে তুলে আনা হয়।
advertisement
advertisement
তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় হোটেল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং অন্যান্য পর্যটকদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়।
advertisement
মঙ্গলবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। দিঘা থানা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
এই প্রসঙ্গে ডিএসপি (ডি অ্যান্ড টি) মোহিত মোল্লা জানিয়েছেন, “আমরা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছি। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।”
প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই মনে করা হচ্ছে, তবে তদন্তকারীরা সমস্ত দিক খতিয়ে দেখছেন। পুলে কোনও নিরাপত্তা ত্রুটি ছিল কি না, পর্যাপ্ত লাইফগার্ড উপস্থিত ছিল কি না—এই সব প্রশ্নও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বেড়াতে এসে এভাবে অকালমৃত্যু হওয়ায় স্তব্ধ পরিবার-পরিজন ও বন্ধুমহল।
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Apr 07, 2026 6:09 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
দিঘায় বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি! হোটেলের সুইমিং পুলে ডুবে মৃত্যু কলকাতার যুবকের








