সুন্দরবনের 'ভগবান'! সাইকেল নিয়ে চিকিৎসা দিতে প্রত্যন্ত গ্রামে ছুটছেন 'অক্সিজেন ম্যান 'সৌমিত্র মন্ডল
- Published by:Piya Banerjee
Last Updated:
করোনা আক্রান্ত রোগীদের ফোন আসলেই, সাইকেলে করে অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে পৌছে যান অক্সিজেন ম্যান
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের গোসাবা ব্লকের বিচ্ছিন্ন দ্বীপগুলির বাসিন্দাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় একমাত্র ভরসা তিনি। নিজে শারীরিক ভাবে অসুস্থ থাকলেও, সুন্দরবনের মানুষের বিপদে এগিয়ে এসেছেন তিনিই। সাইকেল নিয়েই পৌঁছে গিয়েছেন এক দ্বীপ থেকে আরেক দ্বীপে। অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে যথাসম্ভব সাহায্যও করেছেন। বিশেষ করে করোনা আক্রান্ত রোগীদের ফোন এলেই অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে হাজির হতে দেখা যায় তাঁকে। সাইকেলের কেরিয়ারে কনসেনট্রেটর নিয়ে ছুটে চলেন মানব সেবায়। ঠিক সময় মুমূর্ষু রোগীদের কাছে অক্সিজেন পৌঁছে দিয়ে প্রাণ বাঁচিয়েছেন অনেকের। বছর উনত্রিশের এই যুবক সুন্দরবনের \'অক্সিজেন ম্যান\' বলেই পরিচিত। তাঁর নাম সৌমিত্র মন্ডল। থাকেন গোসাবার বালি পাঁচ নম্বর গ্রামে।
চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে শৈশব কেটেছে সৌমিত্রর। ফলে পড়াশোনা টিকিয়ে রাখতে অভাবের সংসার ছেড়ে থাকতে হয়েছে আত্মীয়দের বাড়িতে। কিন্তু দারিদ্রতাকে হার মানিয়েই, ভূগোল নিয়ে সাম্মানিক স্নাতক হন তিনি। পরে বি-এডও করেন। সুন্দরবনের দ্বীপাঞ্চলের এহেন শিক্ষিত যুবক একটি হাইস্কুলে অতিথি শিক্ষক হিসেবে কাজ শুরু করেছিলেন। কিন্তু সেই কাজও চলে যায় ২০১৯-এ। তবে দুস্থ পড়ুয়াদের বাড়িতে গিয়ে বিনামূল্যে পড়ানোর কাজ বন্ধ রাখেননি সৌমিত্র।
advertisement
কিন্তু ভালো কোন চাকরি পাচ্ছিলেন না তিনি। ফলে, বেকারত্বের যন্ত্রনাও সহ্য করতে হয়। সেই চিন্তা থেকেই এক সময় ডায়াবেটিসে আক্রান্ত হয়ে পড়েন সৌমিত্র। চিকিৎসা করানোর সময় তিনি জানতে পারেন ডায়াবেটিস আক্রান্ত বহু মানুষ রয়েছেন সুন্দরবনে। কিন্তু একেবারে প্রত্যন্ত দ্বীপ এলাকায় বসবাস করায় ঠিকমত চিকিৎসা পান না তাঁর। সৌমিত্র জানান, \'সুন্দরবনের বহু মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত। আমরা যদি পড়াশোনা শিখেও তাঁদের পাশে দাঁড়াতে না পারি, তাহলে আর কি হল! তাই দুর্গম এলাকার এই দুস্থ মানুষদের শারীরিক সমস্যায়, বিনামূল্যে ওষুধ পৌছেঁ দেওয়ার কথা মাথায় আসে।\'
advertisement
advertisement
প্রথমে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় কিছু ওষুধ এবং রক্তচাপ ও সুগার মাপার যন্ত্র জোগাড় করেন তিনি। সাইকেল নিয়েই ছুটে চলেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। অসুস্থদের বাড়িতে পৌঁছে শারীরিক পরীক্ষা করার পর নিজেই বিনামূল্যে ওষুধ দেন সৌমিত্র। প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ নিয়ে হাসপাতালেও ভর্তি করেন অনেককে।
কিন্তু করোনা পরিস্থিতি শুরু হতেই আরও খারাপ পরিস্থিতি তৈরি হয় সুন্দরবনে। সে অর্থে কোন চিকিৎসকের দেখা না মিললেও দ্বীপের গ্রামে গ্রামে সাইকেল নিয়ে পৌঁছে গিয়েছেন সৌমিত্র। পিপিই পরে করোনা রোগীর শুশ্রূষাও করেছেন। চিকিৎসকদের সঙ্গে ফোনে যোগাযোগ রেখে রোগীদের পরামর্শও দিচ্ছেন তিনি। মুমূর্ষু করোনা আক্রান্তদের জন্য সম্প্রতি একটি অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা করেন সৌমিত্র। সাইকেলের কেরিয়ারে কনসেনট্রেটর বসিয়ে পৌঁছে গিয়েছেন বালি, গোসাবা, সাতজেলিয়া, মোল্লাখালি, কচুখালি, বেলতলি ও কুমিরমারির মত দ্বীপগুলিতে৷ প্রয়োজনের সময় অক্সিজেন পৌঁছে দিয়ে প্রাণ বাঁচিয়েছেন সুন্দরবনের শতাধিক মানুষকে।
advertisement
সৌমিত্র আরো বলেন, \'আর্থিক সংকট রয়েছে এটা সত্যি। কিন্তু তাই বলে সুন্দরবনের মানুষের পাশে দাঁড়াতে পিছ-পা হয়নি। সাইকেল নিয়েই পৌঁছে গিয়েছি তাঁদের দুয়ারে। আমাকে ফোন করলেই প্রয়োজন মত ওষুধ খাবার ও অক্সিজেন নিয়ে পৌঁছতে পেরেছি। আগামী দিনেও আশাকরি এভাবেই মানুষ পাশে থেকে কাজ করতে পারব।\'
অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে সাইকেলে করে দ্বীপ চষে বেড়ানো বছর উনত্রিশের এই যুবক এখন \'অক্সিজেন ম্যান\' হিসেবে পরিচিত গোটা সুন্দরবন জুড়ে।
advertisement
রুদ্র নারায়ন রায়
Location :
First Published :
Jul 17, 2021 8:44 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
সুন্দরবনের 'ভগবান'! সাইকেল নিয়ে চিকিৎসা দিতে প্রত্যন্ত গ্রামে ছুটছেন 'অক্সিজেন ম্যান 'সৌমিত্র মন্ডল








