Pratik Ur Rahman on CPIM: সিপিএমের অন্দরে লবিবাজি, কাছের লোকদের বাঁচানোর চেষ্টা? বিস্ফোরক প্রতীক উর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রতীক উর রহমানের ইস্তফাকে কেন্দ্র করে সিপিএমের অন্দরে ঝড় উঠেছে৷ সিপিএমের রাজ্য কমিটির সদস্য তরুণ এই নেতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে৷
বুধবার রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে সিপিএম সিদ্ধান্ত নিয়েছে, প্রতীক উর রহমানকে আর গুরুত্ব দেবে না দল৷ ইস্তফা দেওয়া এই নেতার সঙ্গে আর আলোচনা অথবা যোগাযোগের চেষ্টাও হবে না বলে সূত্রের খবর৷ ফলে প্রতীক উরের সঙ্গে সিপিএম নেতৃত্বের সন্ধির আর কোনও সুযোগ থাকল না বলেই মনে করা হচ্ছে৷
রাজ্য সিপিএম নেতৃত্ব যখন কঠোর অবস্থান নিচ্ছেন, তখন পাল্টা সিপিএম নেতাদের অস্বস্তি বাড়ালেন প্রতীক উর রহমানও৷ বুধবার একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় রাজ্য সিপিএমের অন্দরে লবিবাজি, কাছের লোকদের বাঁচানোর মতো অভিযোগ এনেছেন প্রতীক উর৷ দলের রাজ্য সম্পাদককে পাঠানো তাঁর ইস্তফাপত্র কীভাবে ফাঁস হল, কারা বিমান বসুর সঙ্গে তাঁর আলোচনার কথা সংবাদমাধ্যমে জানিয়ে দিল, সেই প্রশ্ন তুলেছেন সিপিএম থেকে সদ্য পদত্যাগী এই তরুণ নেতা৷ নাম না করে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও বিঁধেছেন প্রতীক উর৷
advertisement
তরুণ এই নেতা বলেন, কারা আমার ইস্তফাপত্র ফাঁস করে দিল, তাঁদের খুঁজে বের করা দরকার৷ এঁদের চিহ্নিত করতে না পারলে দল বাঁচবে না৷ আমি সিপিএম নেতৃত্বের সঙ্গে কথা বলতে চাই, যে কালপ্রিটরা দলের ভিতরে লুকিয়ে আছে তাঁদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তি দেওয়া দরকার৷ তাহলে দলটা বেঁচে যাবে৷ কিন্তু আমি জানি এই কাছের লোকদের বাঁচানো হবে৷ বিমানদার সঙ্গে আমার কথা হল, সেটাও সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়া হল৷ ফলে দলের ভিতরে কোনও গোপনীয়তা নেই৷ প্রতীক উর অভিযোগ করেছেন দিনের পর দিন তাঁর মতো অনেকেই সিপিএমে লবিবাজির শিকার হয়েছেন৷
advertisement
advertisement
প্রতীক উর রহমান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নাম না করেই অভিযোগ করেছেন, যাঁকে আমি পদত্যাগপত্র পাঠিয়েছিলাম তাঁকে ফোন করলেও তিনি ধরেননি৷ তবে প্রতীক উর স্বীকার করেছেন, দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা তাঁকে ফোনও করেছেন৷
তবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছেন প্রতীক উর৷ তিনি সত্যিই তৃণমূলে যোগ দিচ্ছেন কি না, তা নিয়েও মুখ খুলতে চাননি তরুণ এই নেতা৷ তবে প্রতীক উর যা ইঙ্গিত দিয়েছেন তাতে আগামী কয়েকদিনের মধ্যেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ স্পষ্ট হতে পারে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 19, 2026 3:06 AM IST










