
শনিবার ইজরায়েল আর মার্কিন বিমান হানায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। আর এরপরেই প্রত্যাঘাত আরও প্রবল হবে বলে জানিয়েছিল ইরানের প্রতিরক্ষামন্ত্রক। যদিও মার্কিন হামলায় নিহত হয়েছেন ওই দেশের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদা। কিন্তু, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাঘাঁটিতে প্রত্যাঘাত আরও ভয়ঙ্কর হবে বলে জানিয়েছিল ইরান। সেইমতোই হামলা শুরু করল তাঁরা। ইরানের ছোড়া মিসাইল ইতিমধ্যেই আঘাত হেনেছে ওমান, সৌদি আরব, কুয়েত-সহ মধ্য প্রাচ্যের একাধিক দেশে। এর আগে সোশ্যাল মিডিয়া এক্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন “ইরান ইতিমধ্যেই আক্রমণ শুরু করেছে। তাঁরা আরও জানিয়েছে তাঁরা আরও আক্রমণ করবে। কিন্তু, আমি বলব তাঁরা যেন এটা না করে। কারণ এটা করলে তাঁদের ফল ভুগতে হবে।”