
আজ বামেদের প্রার্থী তালিকা প্রকাশ জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রবিবার বাংলা সহ পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার একে একে প্রতিটি রাজনৈতি দলের প্রার্থী তালিকা ঘোষণার অপেক্ষা। দিন কয়েক আগে মহম্মদ সেলিম জানিয়েছিলেন, সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করবে সিপিআইএম তথা বামফ্রন্ট। এবার ভোট ঘোষণার দিন কাঁচরাপাড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিমান বসু জানিয়ে দিলেন, সোমবারই হতে চলেছে বামফ্রন্টের প্রাথমিক প্রার্থী তালিকার ঘোষণা। একইসঙ্গে বামফ্রন্টের বাইরে আইএসএফ ও অন্যান্য সংগঠনের সঙ্গে জোট কতদূর এগোল তা নিয়েও মুখ খুলেছেন বিমান বসু। তিনি বলেছেন,”আমরা জোট নিয়ে বোঝাপড়া করেছি। একটা হচ্ছে বামফ্রন্ট গত ভাবে আর একটা হচ্ছে বামফ্রন্টের সহযোগী। বামপন্থার পুনরুত্থান আমরা করতে চাই। অল্প দিনের মধ্যেই আমরা গুছিয়ে নিতে পারব। বামফ্রন্টের বাইরে যারা আছে তাদের সাথে জোটে থাকতে চাই। তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। বিজেপি-তৃণমূল বিরোধী সব শক্তিকে একজায়গায় করাই আমাদের লক্ষ্য।”