প্রথম দিন থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড় কাঁথির অরবিন্দ স্টেডিয়ামের এই মেলায়। ১৪০টি স্টল সাজানো হয়েছে নানা ধরনের তাঁত ও হস্তশিল্প পণ্যে। পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্য রাজ্যের তাঁত শিল্পীরাও অংশ নিয়েছেন। প্রত্যেক স্টলে রয়েছে আলাদা আকর্ষণ। বসন্তের আগে রং-বেরংয়ের শাড়ির সমাহারে নজর কাড়ছে গোটা মেলা। নিত্য ব্যবহার থেকে শুরু করে বিয়ে বা উৎসবের জন্য বিশেষ ডিজাইনের শাড়িও মিলছে এখানে। তুলনামূলক কম দামে ভাল মানের পণ্য পাওয়ায় ক্রেতাদের আগ্রহ আরও বেড়েছে।
advertisement
শুধু মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্যও রয়েছে নানান কালেকশন। পাঞ্জাবি, কুর্তা, খাদি জামা, শাল এবং বিভিন্ন হ্যান্ডলুম পোশাক মিলছে একাধিক স্টলে। তরুণ প্রজন্মের জন্য আধুনিক ডিজাইনের পোশাকও রাখা হয়েছে। কেনাকাটার পাশাপাশি চলছে আড্ডা আর ছবি তোলার আনন্দ। বিকেলের পর ভিড় আরও বাড়ছে। আলোয় সাজানো মেলা প্রাঙ্গণ যেন উৎসবের আবহ তৈরি করছে। নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে যথেষ্ট কড়া। আয়োজকদের মতে, এই মেলার মূল উদ্দেশ্য তাঁত শিল্পীদের সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করা। মধ্যস্বত্বভোগী ছাড়াই ক্রেতারা শিল্পীদের কাছ থেকে পণ্য কিনতে পারছেন। এতে যেমন শিল্পীরা লাভবান হচ্ছেন, তেমনই ক্রেতারাও পাচ্ছেন সাশ্রয়ী দাম। বসন্তের শুরুতেই এমন আয়োজন ঘিরে উৎসাহ তুঙ্গে। প্রথম দিন থেকেই উপচে পড়া ভিড়ে খুশী শিল্পীরাও।