ফরাক্কায় মণিরুল ইসলামের পরিবর্তে সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামকে প্রার্থী করেছে তৃণমূল৷ আর তাতেই বেজায় ক্ষুব্ধ মণিরুল৷ তৃণমূল বিধায়কের দাবি, তিনি চক্রান্তের শিকার৷ ফরাক্কার মানুষের সমর্থনও তাঁর দিকেই রয়েছে বলে দাবি করেছেন মণিরুল৷ তাই তিনি নির্দল প্রার্থী হিসেবেই ফরাক্কা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মণিরুল৷ শুধু তাই নয় সামশেরগঞ্জেও লড়াই হবে বলে নিজের দলকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷
advertisement
টিকিট না পেয়ে ক্ষুব্ধ মণিরুল বলেন, ‘সামশেরগঞ্জ থেকেও লড়াই হবে আর ফরাক্কা থেকেও লড়াই হবে৷ দু জায়গা থেকেই লড়াই হবে৷ এটা প্রতিবাদের একটা ভাষাও বলতে পারেন, রাস্তাও বলতে পারেন৷ মানুষ যে আমাদের পাশে আছে সেটা আমরা ৪ মে বুঝিয়ে দেব৷ শুধু দলের প্রতীক নয়, ব্যক্তিকে দেখেই যে মানুষের পাওয়া যায়, সেটা বুঝিয়ে দেবো৷ দু জায়গাতেই খেলা হবে৷’
প্রসঙ্গত, এ দিন বিধানসভা নির্বাচনে তৃণমূল যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে ৭৪ জন বিধায়ককে টিকিট দেওয়া হয়নি৷ যাঁরা টিকিট পাননি তাঁদের মধ্যে একাধিক বড় নামও রয়েছে৷ টিকিট না পাওয়া বিধায়কদের তালিকায় রয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, অসিত মজুমদার, জীবনকৃষ্ণ সাহার মতো অনেকেই৷
