দেবাংশু ভট্টাচার্যের প্রচারে মঙ্গলবার বিকেলে চুঁচুড়ায় আসেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাঙ্খাটুলি মোড়ের তৃণমূল অফিস থেকে প্রচার শুরু করেন তিনি। প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে বরণ করার পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মালা দিয়ে বরণ করে নেন অসিত মজুমদার। কল্যাণ আবার সেই মালা অসিতের গলায় পরিয়ে তাঁর মাথায় চুমু খেয়ে গাল টিপে আদর করেন।
advertisement
অসিত মজুমদার চুঁচুড়ার তিন বারের বিধায়ক। তাঁকে দল টিকিট না দেওয়ায় গোঁসা হয়েছিল প্রবীণ বিধায়কের। রাজনৈতিক সন্নাস নেবেন ঘোষণা করেছিলেন তিনি। পরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে দেবাংশুর হয়ে প্রচারে নামতে রাজি হন অসিত। কিন্তু হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দ্বন্দ্ব আবার প্রকাশ্যে আসায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়কে তিনি বেলাগাম আক্রমণ করায় ভোটের ময়দানে তৃণমূলের বিড়ম্বনা বাড়ে।
দলের নির্দেশে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেবাংশু, অসিত ও দলের স্থানীয় সংগঠনের নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন। অসিত মজুমদার সেই বৈঠকের পরদিন থেকেই পুরোদমে দেবাংশুর সঙ্গে প্রচারে বেরিয়ে পড়েন। আজ মনোনয়নেও তিনি ছিলেন সামনের সারিতে।
অসিতের রাগ কমেছে, চুঁচুড়ায় তাকে প্রয়োজন বুঝে দল তাঁকে কাজে লাগাতে পারছে। এই খুশিতে কল্যাণের এই আদর কিনা তা নিয়ে নানা মত থাকতে পারে। তবে আপাতত অসিত মজুমদার দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচার করছেন। প্রার্থীকে জেতাতে ঝাঁপিয়ে পড়েছেন এটাই তৃনমূলের স্বস্তি।
