শুক্রবার ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে বেঙ্গালুরু গ্রামীণ জেলার হোসকোটের কাম্বালিপুরা গেট এলাকায়৷ দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই ৬ জন কিশোর একটি মহিন্দ্রা এক্সইউভি ৭০০ গাড়ি নিয়ে ভোরবেলা ঘুরতে বেরিয়েছিল৷ ডোববাসপেট- হোসকোটে স্যাটেলাইট টাউন রিং রোড (এসটিটিআর) ধরে বেলাগাম গতিতে এগোতে থাকে ওই কিশোরদের এসইউভি গাড়িটি৷ পুলিশের দাবি, দুর্ঘটনার সময় গাড়ির গতি ছিল ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটারের মধ্যে৷
advertisement
পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোর রাত ৪.১৫ থেকে ৪.৩০-এর মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে৷ প্রথমে গাড়িটি একটি মোটরসাইকেলের পিছনে ধাক্কা মারে৷ এর পর নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি চলন্ত ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারে গাড়িটি৷ এর পর রাস্তার ধারে দুর্ঘটনা আটকানোর জন্য ক্র্যাশ বেরিয়ারে ঘষা খেতে খেতে প্রায় ১৫০ মিটার এগিয়ে গিয়ে থামে কিশোরদের এসইউভি গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে সেই গাড়ির ধাক্কায় ট্রাকটির পিছনের দুটি চাকা অ্যাক্সেল সমেত খুলে বেরিয়ে আসে৷ যার জেরে উল্টে যায় ট্রাকটি৷
দুর্ঘটনার জেরে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় ওই এসইউভি গাড়িটি৷ পুলিশের কথায়, গাড়িটি চেনার মতো অবস্থায় ছিল না৷ গাড়ির ছয় আরোহীর তো মৃত্যু হয়েছেই, তার সঙ্গে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গগন নামে ওই মোটরসাইকেল আরোহীও৷ গাড়ির ধাক্কা মোটরসাইকেল থেকে উড়ে গিয়ে ছিটকে পড়েন ওই যুবক৷ ঘটনাস্থেলই মৃত্যু হয় তাঁর৷ অন্যদিকে ট্রাকটি উল্টে গিয়ে আহত হয়েছেন সেটির চালকও৷
পুলিশ জানিয়েছে, মৃত কিশোরদের মধ্যে একজনের বয়স ১৬ বছর৷ চার জনের বয়স ১৭ বছর এবং একজনের বয়স ১৮ বছর৷ এরা প্রত্যেকেই স্কুল এবং কলেজের ছাত্র৷ অন্যদিকে মৃত মোটরসাইকেল চালক গগনের বয়স ২৬ বছর৷ তিনি একটি গুদামের সুপারভাইজার ছিলেন৷
যে হাইওয়ের উপরে এই দুর্ঘটনা ঘটেছে, সেখানে সর্বোচ্চ গতিবেগ ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বেঁধে দেওয়া হয়েছে৷ যদিও নির্ধারিত গতিসীমার অনেক বেশি জোরে ছুটছিল ওই এসইউভি-টি৷ দুর্ঘটনায় আহত ট্রাক চালক বালাসুব্রহ্মণির হাসপাতালের বেডে শুয়ে বলেন, রাস্তা ফাঁকাই ছিল৷ আমি আমার লেন দিয়ে নির্দিষ্ট গতিতেতই যাচ্ছিলাম৷ হঠাৎ আমার ট্রাকের পিছনে এসে ওই গাড়িটি ধাক্কা মারে৷ মুহূর্তের মধ্যে আমার ট্রাকটি উল্টে যায়৷ আমি সংজ্ঞাহীন হয়ে যাই৷ এর পর জ্ঞান ফিরলে আমি যখন ট্রাক থেকে বাইরে বেরোই, সামনের দৃশ্য দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না৷ গাড়িটি এত জোরে আমার ট্রাকে ধাক্কা মারে যে ট্রাকের পিছনের পিছনের অ্যাক্সেল খুলে বেরিয়ে আসে৷
