সামনেই লোকসভা নির্বাচন ৷ গোটা দেশে পদ্মফুল ফোটাতে কোমর বেঁধে নেমে পড়েছেন দেশ ও রাজ্যের বিজেপি সমর্থকেরা ৷ নানা ইস্যু, নানা সমালোচনার মাঝে রোজ রোজই নতুন নতুন প্রচারের পন্থা ৷ কিন্ত যখন গোটা দেশে বিজেপি নতুন রাজনৈতিক সমীকরণে সরগরম, ঠিক সেই সময়ই ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মেঘালয় ও মণিপুরে অন্য সুর ৷ দলের অন্দরে ফাটল তৈরি করে একে একে দল ছাড়লেন ২৩ জন নেতা ৷
advertisement
তা হঠাৎ এরকম সিদ্ধান্ত কেন? কেনই বা হঠাৎ বিজেপি ছেড়ে অন্যদলে ৷ খবর অনুযায়ী, গোটা কাণ্ডটাই লোকসভা নির্বাচনে টিকিট পাওয়াকে কেন্দ্র করে ৷ বিজেপির অন্দরে ভোটে দাঁড়ানো নিয়ে অন্দর মহলের রাজনীতির ফলাফলই এই ২৩ জনের দল ছাড়া ৷
ত্রিপুরায় বিজেপির রাজ্য সভাপতি সুবল ভৌমিক এই ২৩ জনের মধ্যে একজন ৷ মার্চের ১৯ তারিখ কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি ৷ অন্যদিকে, দুই নেতা প্রকাশ দাস ও দেবাশিস সেনও একই সঙ্গে যোগ দিয়েছেন কংগ্রেসে ৷ বিজেপি ছাড়ার সময় সুবল ভৌমিক ফেসবুকে লিখেছিলেন ‘অনেক হয়েছে, আর নয় !’ ১১ এপ্রিল ও ১৮ এপ্রিল ত্রিপুরায় মোট দু’দফায় অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন ৷
ত্রিপুরার মতো একই অবস্থা অরুণাচল প্রদেশেও ৷ ২০ জন বিজেপি নেতা ও যার মধ্যে রয়েছেন ২ জন মন্ত্রী ও ৬ জন বিধায়ক ৷ এরা সবাই যোগ দেন অরুণাচলের ন্যাশনাল পিপলস পার্টিতে ৷ অরুণাচলে নির্বাচন ১১ এপ্রিল ৷
