ক্রমশ তীব্র হচ্ছে নোট সংকট। মঙ্গলবার নোট বাতিলের ঘোষণার পর, পাঁচদিন কেটে গেলেও সমস্যা মেটা দূর অস্ত। বরং, ক্রমশ লম্বা হচ্ছে ব্যাঙ্কে গ্রাহকদের লাইন। বেশিরভাগ এটিএম বন্ধ থাকায় চরম দুর্দশায় সাধারণ মানুষ। কালো টাকা বন্ধে, পাঁচশো ও হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তে শুরুতে বেশ জনসমর্থন কুড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু, সময় যেতেই সেই সমর্থন বদলে গিয়েছে ক্ষোভে। দেশ জুড়ে নোটের জন্য হাহাকার। থেকেও নেই টাকা।
advertisement
সাধারণ মানুষের দুর্ভোগ মেটাতে ও পরিস্থিতির মোকাবিলা করতে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করল কেন্দ্রের ৷ কী কী নতুন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র দেখে নিন এক নজরে -
১. রেল, সরকারি হাসপাতাল, ওষুধের দোকান, পেট্রোল পাম্প-সহ জরুরি পরিষেবায় চলবে নোট ৷ বাতিল নোট চলবে ২৪ নভেম্বর মধ্যরাত পর্যন্ত ৷
২. ব্যাঙ্কে বয়স্ক নাগরিক ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য আলাদা লাইন করা হবে ৷
৩. হাসপাতাল , ক্যাটারার, টেন্ট হাউজ যদি অনলাইনে পেমেন্ট না নিতে চায় তাহলে জেলা শাসকের কাছে অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ ৷
৪. নোট বদলে পৃথক লাইন ৷ কার্ডে লেনদেনে চার্জ মকুব ৷
৫. এবার এটিএম থেকে দৈনিক ২,৫০০ টাকা তোলা যাবে ৷ পাওয়া যাবে কেবলমাত্র ক্যালিব্রেশন করা এটিএমে ৷ গ্রামে গ্রামে বসবে মাইক্রো এটিএম ৷
৬. ব্যাঙ্কে এবার দৈনিক ৪,৫০০ টাকা তোলা যাবে ৷ সপ্তাহে একবার ২৪,০০০ টাকা তোলা যাবে ৷ কারেন্ট অ্যাকাউন্ট থেকে সপ্তাহে তোলা যাবে ৫০,০০০ টাকা ৷
৭. পেনশনভোগীদের বার্ষিক লাইফ সার্টিফিকেটে জমার সময়সীমা ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে ৷
৮. সপ্তাহে ব্যাঙ্ক থেকে ২০,০০০ টাকার বদলে তোলা যাবে ২৪,০০০ টাকা ৷ দিনে ১০,০০০ টাকার যে লিমিট বসানো হয়েছিল তা তুলে নেওয়া হয়েছে ৷
৯. ব্যাঙ্কের প্রতিনিধিরা দিনে একাধিকবার টাকা তুলতে পারবেন ৷
১০. নোট বাতিলের সমস্যায় টোল ছাড়ে মেয়াদ বৃদ্ধি ৷ ১৮ নভেম্বর পর্যন্ত টোল ছাড় জাতীয় সড়কগুলিতে ৷
