এই সম্প্রসারণের মূল আকর্ষণ হল অমৃত ভারত স্কিমের অধীনে দু-জোড়া নতুন মেল ও এক্সপ্রেস পরিষেবা। দূরপাল্লার যাত্রীদের সাশ্রয়ী ও দ্রুত ভ্রমণের সুযোগ দিতে চালু হয়েছে সাপ্তাহিক ১৩০৬৫/১৩০৬৬ হাওড়া – আনন্দ বিহার (টি)- হাওড়া অমৃত ভারত এক্সপ্রেস এবং ত্রি-সাপ্তাহিক ২২৫৮৮/২২৫৮৭ বেনারস – শিয়ালদহ-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। পাশাপাশি, পূর্ব রেলের মুকুটে নতুন পালক যোগ করে শুরু হয়েছে ২৭৫৭৬/২৭৫৭৫ কামাখ্যা – হাওড়া- কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস । এটি কলকাতা ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে একটি আরামদায়ক রাতভর ভ্রমণের প্রতিশ্রুতি দিচ্ছে।
advertisement
শিল্পাঞ্চলের যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে গত ৮ তারিখে আসানসোল – বোকারো স্টিল-আসানসোল সিটি মেমু (MEMU) পরিষেবা সফলভাবে শুরু হয়েছে। এটি শহরতলি রেল পরিষেবাকে শক্তিশালী করার একটি বৃহত্তর অংশ। এর পাশাপাশি ১৩টি নতুন ইএমইউ (EMU) পরিষেবা চালু করা হয়েছে, ২০টি বর্তমান ট্রেনের যাত্রার সংখ্যা (frequency) বাড়ানো হয়েছে এবং ২১টি ট্রেনের গন্তব্য সম্প্রসারিত করা হয়েছে, যা মহানগরের উপকণ্ঠের জীবনরেখাকে আরও মজবুত করেছে।যাত্রীদের সহজলভ্যতার কথা মাথায় রেখে পূর্ব রেল তাদের আওতাধীন বিভিন্ন স্টেশনে মেল, এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেনের জন্য ৪০টি নতুন স্টপেজ প্রদান করেছে। ভিড় সামলাতে রেল কর্তৃপক্ষ অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে; যার ফলে বিভিন্ন ট্রেনে সাময়িকভাবে ৫৭১টি কোচ যুক্ত করা হয়েছে এবং দুটি ট্রেনে স্থায়ীভাবে ৪টি কোচ বাড়ানো হয়েছে। গত তিন মাসে রেলের কর্মদক্ষতার এক অনন্য নজির গড়ে ১,৩২৬টি ‘ট্রেন অন ডিমান্ড’ (TOD) স্পেশাল চালানো হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি।
নিরাপত্তা ও যাত্রী স্বাচ্ছন্দ্যের মানোন্নয়নে চারটি গুরুত্বপূর্ণ ট্রেনকে সনাতন আইসিএফ (ICF) থেকে অত্যাধুনিক এলএইচবি (LHB) কোচে রূপান্তরিত করা হয়েছে।
এই তালিকায় রয়েছে:
• ১৩১৭৩/১৩১৭৪ শিয়ালদহ – সাব্রুম কাঞ্চনজঙ্ঘা- শিয়ালদহ এক্সপ্রেস
• ১৩১৭৫/১৩১৭৬ শিয়ালদহ – শিলচর কাঞ্চনজঙ্ঘা- শিয়ালদহ এক্সপ্রেস
• ১২৩৩৩/১২৩৩৪ হাওড়া – প্রয়াগরাজ রামবাগ – হাওড়া বিভূতি এক্সপ্রেস
• ১৩১৬১/১৩১৬২ কলকাতা – বালুরঘাট- কলকাতা এক্সপ্রেস
ট্রেনের অন্দরে এই উন্নতির পাশাপাশি স্টেশনের সুযোগ-সুবিধাও বৃদ্ধি করা হয়েছে। মালদহ ডিভিশনের অধীনে নিউ ফারাক্কা স্টেশনে চারটি নতুন এসকেলেটর বসানো হয়েছে, যা বয়স্ক ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের যাতায়াতকে আরও সহজতর করে তুলবে।
