ঢাকা: আওয়ামী লীগ নেই। বাংলাদেশের নির্বাচনে ধানের শিষ অর্থাৎ বিএনপি মাথা তুলবে, এমন পূর্বাভাস ছিলই। তবে এ বারের বাংলাদেশের নির্বাচনে এমন কিছু চরিত্র ছিলেন, সেই অর্থে যাঁরা অপরিচিত বা স্বল্প পরিচিত। ২০২৪ সালের জুলাই-অগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র-যুবদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী লড়াইয়ে ছিল। তারা জোট বেঁধেছিল জামাত ইসলামী। ভোটের ফল বলছে, এনসিপি-র প্রাপ্ত আসন দুই অঙ্কের সংখ্যাও ছুঁতে পারেনি। হেরেছেন দলের শীর্ষস্থানীয় বেশ কয়েক জন নেতা। বিএনপি এবং তার শরিক দল মিলে পেয়েছে ২১২টি আসন, জামায়াত জোট পেয়েছে ৭৭টি আসন, স্বতন্ত্র এবং অন্যরা পেয়েছে ৭টি আসন। ৩০০টি আসনের মধ্যে একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন হয়নি।
নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছিল বাংলাদেশে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। সাধারণ নির্বাচনকে ঘিরে এখনও পর্যন্ত বড় ধরনের কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। তবে জানা গিয়েছে, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সেখানকার একটি বুথের প্রিসাইডিং অফিসারকেও সরানো হয়েছে।
এদিকে, বাংলাদেশের খুলনায় ভোটকেন্দ্রে ধস্তাধস্তির সময়ে মৃত্যু হয় এক বিএনপি নেতার। নিহতের নাম মহিবুজ্জামান কচি (৬০)। বৃহস্পতিবার সকালে তিনি ভোট দিতে গেলে, ভোটকেন্দ্রে জামাত এ ইসলামীর কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, সেই সময়েই জামাতের লোকেরা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তাঁর মাথায় চোট লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিএনপি নেতার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে জামাত।
তবে, বিক্ষিপ্ত অশান্তি হলেও সবচেয়ে বড় যে প্রশ্নটি বড় হয়ে উঠেছে, তা হল- বাংলাদেশের ক্ষমতায় কে বসতে চলেছে? শেখ হাসিনা পরবর্তী জমানায় বিএনপি-ই কি ক্ষমতায় আসছে, নাকি সকলকে ভুল প্রমাণ করে মসনদে বসবে জামাত? সেদিকেই নজর গোটা বাংলাদেশের। নজর রাখছে ভারতও।
Bangladesh Election Results 2026 |বাংলাদেশ নির্বাচন রেজাল্ট ২০২৬ Live Updates in Bengali
