সোমবার প্রকাশিত হয়েছে রেজাল্ট। তখনই জানা যায় ডিন্ডিগুল জেলার বাসিন্দা এস নন্দিনী তাক লাগানো রেজাল্ট করেছেন। কিশোরী জানিয়েছেন, ‘‘৬০০-এ ৬০০ পেয়ে আমি খুবই খুশি। আমি এই রেজাল্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং বাবা মাকে উৎসর্গ করতে চাই৷ যদি আমাদের আত্মবিশ্বাস থাকে, কোনও বাধাই চলার পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে না৷’’ তাঁর উচ্চশিক্ষার জন্য তামিলনাড়ু সরকার সব রকম সাহায্য করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন৷
advertisement
চেন্নাইয়ে কর্পোরেশন পরিচালিত স্কুলগুলির পড়ুয়াদের মধ্যে অনার্সে সেরা হয়েছেন এন গায়ত্রী৷ তিনি মোট ৬০০ নম্বরের মধ্যে ৫৯২ পেয়েছেন৷ দুটি বিষয়ে পূর্ণ নম্বর অর্থাৎ ১০০ এবং বাকি চার বিষয়ে পেয়েছেন ৯৯ করে৷ তাঁর মা কাজ করেন ফলের দোকানে৷ বাবা বেসরকারি পাঠাগারের সহকারী৷ জীবনে লক্ষ্যপূরণের জন্য নির্দিষ্ট পথ থাকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘‘শিক্ষাই একমাত্র আমাদের জীবনকে বহু দিক থেকে পরিবর্তন করতে পারে৷’’
জানা গিয়েছে আর সফল কন্যা মনীষার কথাও৷ তিনি সিঙ্গল মাদারের সন্তান৷ তাঁর মা পেশায় সাফইকর্মী৷ বোর্ড পরীক্ষায় ৬০০-র মধ্যে ৪৯৯ পাওয়া মনীষা পুলিশ অফিসার হতে চান৷
বলেছেন ‘‘বর্তমান পরিস্থিতির কথা মনে রেখে কোনওমতেই আমাদের লেখাপড়া ছেড়ে দেওয়া উচিত নয়৷ আজ হয়তো জীবন আমাদের হাতে নেই৷ কিন্তু কাল এটা পরিবর্তন হবে৷ আমাদের প্রতিভা ও শিক্ষা দিয়েই এই পরিবর্তন হতে পারে৷ একটি স্বেচ্ছাসেবী সংস্থার তত্ত্বাবধানেই লেখাপড়া করেছেন তিনি৷
