এতদিন পর্যন্ত শান্তিপুর কলেজে ইকোনমিক্স, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, জুওলজি এবং এডুকেশন বিষয়গুলি মাইনর হিসাবে পড়ার সুযোগ থাকলেও মেজর হিসেবে পড়ানো হত না। ফলে ওই বিষয়গুলিতে অনার্স করতে চাইলে এলাকার বহু পড়ুয়াকে অন্য কলেজে ভর্তি হতে হত। কলেজ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই সমস্যার কথা তুলে ধরে বিষয়গুলি মেজর হিসাবে চালুর দাবি জানানো হচ্ছিল।
advertisement
বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ স্থানীয় বিধায়কের মাধ্যমে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের কাছে বারবার আবেদন জানায়। অবশেষে সেই দাবিতেই সিলমোহর দিয়েছে শিক্ষা দফতর। ফলে আগামী শিক্ষাবর্ষ থেকেই ইকোনমিক্স, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, জুওলজি ও এডুকেশন এই পাঁচটি বিষয়েই মেজর নিয়ে পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা।
বিষয় সংখ্যা বাড়ার ফলে পরিকাঠামো উন্নয়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজের মূল ভবনের পাশের ফাঁকা জায়গায় একটি নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ২০ লক্ষ টাকা খরচ হতে পারে বলে অনুমান। পাশাপাশি কলেজের সীমানা প্রাচীর নির্মাণের কাজও শুরু হয়েছে।
আরও পড়ুন: ‘গেমটা প্রি-প্ল্যান ছিল’, রাষ্ট্রপতিকে রিসিভ করার কথা ছিল রাজ্যপালের! বড় দাবি মুখ্যমন্ত্রীর
এই প্রসঙ্গে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, শান্তিপুর কলেজ দীর্ঘদিন ধরেই এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষার কেন্দ্র। নতুন পাঁচটি বিষয়ে মেজর চালু হওয়ায় পড়ুয়াদের আর অন্যত্র যেতে হবে না। কলেজের উন্নয়নের জন্য আমরা উচ্চ শিক্ষা দফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলাম। ভবিষ্যতেও এই কলেজের পরিকাঠামো ও শিক্ষার মান উন্নয়নে সবরকম সহযোগিতা করা হবে। নতুন বিষয় চালু ও পরিকাঠামো উন্নয়নের উদ্যোগে আগামী দিনে শান্তিপুর কলেজের গুরুত্ব আরও বাড়বে বলেই মনে করছেন শিক্ষক ও পড়ুয়ারা।