প্রশিক্ষণ শিবিরে আম ও লিচু চাষের আধুনিক কৌশল, সঠিক পরিচর্যা, জৈব সারের প্রয়োগ এবং কীটনাশক ব্যবহারের সুনির্দিষ্ট পদ্ধতি সম্পর্কে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়। সাধারণত ছোট ফসলের ক্ষেত্রে কৃষকেরা যত্নবান হলেও বড় ফলজ গাছ যেমন-আম, লিচু, কাঁঠাল ইত্যাদির ক্ষেত্রে সঠিক পরিচর্যার অভাব দেখা যায়। বিশেষ করে তীব্র গরমে আম ও লিচু গাছের মুকুল শুকিয়ে যাওয়ার সমস্যা প্রায়শই দেখা দেয়। বিশেষজ্ঞরা জানান, মুকুল আসার সঙ্গে সঙ্গেই স্প্রে মেশিনের মাধ্যমে গাছে নিয়মিত জল ছিটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি মুকুল আসার আগেই গাছের গোড়ায় পরিমিত জৈব সার প্রয়োগ করতে হবে।
advertisement
এছাড়াও ফল ও মুকুলে পোকা আক্রমণ রোধে বিজ্ঞানসম্মত কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। সঠিক মাত্রায় সার, জল ও কীটনাশক প্রয়োগ করলে ফলন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা। এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল কৃষকদের লাভবান করা এবং আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করা।
এপিসি কৃষ্ণগঞ্জ বিদ্যুৎ বিশ্বাসের নেতৃত্বে নদিয়া কৃষিবিজ্ঞান কেন্দ্র এই শিবিরের আয়োজন করে। সীমান্তবর্তী এলাকার আম ও লিচু চাষিরা এমন উদ্যোগে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই ধরনের বৈজ্ঞানিক প্রশিক্ষণ নিয়মিত হলে ফলন যেমন বাড়বে, তেমনি আর্থিকভাবে আরও স্বনির্ভর হয়ে উঠবেন তাঁরা।





