Published by Rukmini Mazumder 15-02-2026
বিশ্বজুড়ে ক্যানসারজনিত মৃত্যুর প্রধান কারণগুলির মধ্যে অন্যতম হল ফুসফুসের ক্যানসার। এই রোগটি শুরু হয় যখন ফুসফুসে অস্বাভাবিক কোষগুলি নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পেতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে এই কোষগুলি টিউমার তৈরি করে, যা শরীরে অক্সিজেন প্রবাহে বাধা সৃষ্টি করে। ফুসফুসের ক্যানসার সাধারণত ধরা পড়ে জটিল পর্যায়ে।
ফুসফুসের ক্যানসার পুরুষদের মধ্যে বেশি দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মতে, ধূমপানই ফুসফুসের ক্যানসারের প্রধান কারণ, যা প্রায় ৮৫ শতাংশ রোগের জন্য দায়ী।
The Indian Journal of Medical Research-এর ডিসেম্বর ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, “ভারতে ২০২২ সালে আনুমানিক মৃত্যুহার-সংক্রমণ অনুপাত (MIR) পুরুষদের মধ্যে ছিল ৯১.৮ শতাংশ এবং মহিলাদের মধ্যে ছিল ৯০.৬ শতাংশ।”
দীর্ঘদিনের কাশি: নতুন করে শুরু হওয়া এমন কাশি যা সেরে যায় না বা সময়ের সঙ্গে আরও বাড়তে থাকে, তা ফুসফুসের ক্যানসারের প্রাথমিক সতর্ক সংকেত হতে পারে। সাধারণ সর্দি-কাশির কারণে হওয়া কাশির মতো নয়—এই কাশি কয়েক সপ্তাহ ধরে লেগে থাকে।
বুকের ব্যথা: দীর্ঘস্থায়ী বুকের ব্যথা, যা তীব্রভাবে অনুভূত হয় এবং গভীর শ্বাস নেওয়া, হাসা বা কাশির সময় বেড়ে যায়, তা ফুসফুসের ক্যানসারের ইঙ্গিত হতে পারে। টিউমার বুকের ভিতরের গঠনগুলির উপর চাপ সৃষ্টি করলে এই ব্যথা দেখা দিতে পারে।
রক্ত-সহ কাশি: কাশির সঙ্গে রক্ত বার হলে সাবধান! তা সে যত অল্পই হোক না কেন। এই রক্ত উজ্জ্বল লাল বা মরচে রঙের কফের মতো দেখায়। সংক্রমণের কারণেও এমন হতে পারে, তবে এটি ফুসফুসের ক্যানসারের সঙ্গেও সম্পর্কিত
শ্বাসকষ্ট: দৈনন্দিন কাজকর্মের সময় হঠাৎ শ্বাস নিতে কষ্ট হওয়া প্রাথমিক লক্ষণ হতে পারে। ফুসফুসের ক্যানসার শ্বাসনালি বন্ধ করে দিতে পারে অথবা ফুসফুসের চারপাশে তরল জমে যেতে পারে, ফলে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয়।
কণ্ঠস্বর ভাঙা: কয়েক সপ্তাহের বেশি সময় ধরে কণ্ঠস্বর ভাঙা থাকলে তা ফুসফুসের ক্যানসারের লক্ষণ হতে পারে। বিশেষ করে যদি এটি স্বরযন্ত্র নিয়ন্ত্রণকারী স্নায়ুকে প্রভাবিত করে। সর্দি-কাশির মতো কোনও স্পষ্ট কারণ ছাড়াই যদি দীর্ঘদিন ধরে কণ্ঠস্বরের পরিবর্তন থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নিন
হাঁপানির মতো শোঁ শোঁ শব্দ: যখন টিউমারের কারণে শ্বাসনালি সরু বা অবরুদ্ধ হয়ে যায়, তখন শ্বাস নেওয়ার সময় শিসের মতো শব্দ হতে পারে। যদিও অ্যাজমা বা সংক্রমণেও এমন শব্দ হতে পারে, তবুও দীর্ঘস্থায়ী বা অজানা কারণে এই উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
মাথাব্যথা: ফুসফুসের ক্যানসার মস্তিষ্কে ছড়িয়ে পড়লে ঘন ঘন বা তীব্র মাথাব্যথা হতে পারে। এর সঙ্গে মাথা ঘোরা, বমি বমি ভাব বা স্নায়বিক পরিবর্তনের মতো উপসর্গও দেখা দিতে পারে। কোনও স্পষ্ট কারণ ছাড়াই যদি মাথাব্যথা দীর্ঘদিন ধরে থাকে, তবে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন।
হাড়ের ব্যথা: ফুসফুসের ক্যানসার যখন হাড়ে ছড়িয়ে পড়ে, তখন হাড়ে ব্যথা হতে পারে,বিশেষ করে পিঠ, পাঁজর বা নিতম্বে। এই অস্বস্তি রাতে বা নড়াচড়ার সময় আরও বাড়তে পারে।