রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবসে অভিনব কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে রবিবার হাতা-খুন্তি ও বাসনপত্র হাতে মিছিলে নামেন তৃণমূলের নেত্রী-কর্মীরা। তাঁদের পরনে কালো শাড়ি। ধর্মতলার ধরনা মঞ্চেও সেই প্রতিবাদের ছবি দেখা যায়। সেখানে গ্যাস সিলিন্ডারের কাটআউট এবং বাসনপত্র নিয়ে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য। দেশে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবসেই মহিলাদের পথে নামার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, ‘নো গ্যাস নো রান্না’! শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে তিনি জানান, মহিলারা কালো শাড়ি পরে হাঁড়ি-কড়াই, হাতা-খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নেবেন। তিনি নিজে সাদা শাড়ি পরবেন বলেও জানান। এই মিছিলের পরিকল্পনার দায়িত্ব তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দেন মমতা। মিছিলের সময়সূচি পরে নির্ধারণ করা হবে বলেও দলীয় সূত্রে জানানো হয়।



