East Medinipur Election: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভারী বুটের শব্দ! পটাশপুর ও এগরাতে পৌঁছে গেল ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!
- Reported by:Madan Maity
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
উত্তপ্ত ভোটের স্মৃতি মাথায় রেখে কড়া নজরদারি, আগাম বাহিনী নামল এগরা ও পটাশপুরে। দেখুন কী পরিস্থিতি সেখানে?
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভারী বুটের শব্দ পূর্ব মেদিনীপুরে। ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পূর্ব মেদিনীপুরে মোতায়েন হচ্ছে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজনৈতিকভাবে সংবেদনশীল জেলা হিসেবে পরিচিত এই জেলার পটাশপুর ও এগরা। সোমবার এই দুই জায়গায় পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। দু’কোম্পানি কেন্দ্র বাহিনী পৌঁছাল পূর্ব মেদিনীপুরের এগরা ও পটাশপুরে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
advertisement
গত বিধানসভা নির্বাচনে বারবার উত্তপ্ত হয়ে উঠেছিল পটাশপুর এলাকা। একাধিক সংঘর্ষ এবং রাজনৈতিক উত্তেজনার ঘটনা সামনে এসেছিল। বাদ যায়নি এগরাও। বিভিন্ন সময় অশান্তির খবর সামনে আসে। সেই অভিজ্ঞতা থেকেই এবার শুরুতেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের আগেই এগরাতে এক কোম্পানি এবং পটাশপুরে এক কোম্পানি কেন্দ্র বাহিনী এসে পৌঁছাল। প্রশাসনের সূত্রের খবর, আগাম উপস্থিতি থাকলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তার বার্তাও পৌঁছে যাবে দ্রুত।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য আপাতত দু’টি জায়গা চিহ্নিত করা হয়েছে। এগরার মার্কেটিং সোসাইটি এবং পটাশপুরের পালপাড়া কলেজে জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হচ্ছে।শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আর কিছুক্ষণের মধ্যেই রুট মার্চ শুরু করবেন জওয়ানরা। এলাকায় ফ্ল্যাগ মার্চের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় নজরদারি বাড়ানো হচ্ছে। জেলা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।
advertisement
জেলা প্রশাসন সূত্রের খবর, নির্বাচনের আগে জেলার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। প্রতিটি সংবেদনশীল এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে। নিয়মিত টহল চালানো হবে শহর থেকে প্রত্যন্ত গ্রাম এলাকায়। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেই জোর দেওয়া হচ্ছে।
advertisement
পটাশপুরের এক বাসিন্দা দেবব্রত দাস অধিকারী বলেন, ‘ভোট এলেই অশান্তি দেখা দেয়। পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী যেই থাকুক, আমরা সাধারণ মানুষ শুধু চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক। এলাকার মানুষের যেন কোনও ক্ষতি না হয়, এটাই আমাদের একমাত্র চাওয়া।’ সাধারণ মানুষের এই প্রত্যাশাকেই সামনে রেখে প্রশাসন প্রস্তুতি আরও জোরদার করছে।







