East Medinipur News: গরমের ক্লান্তি হরণের ঠিকানা পূর্ব মেদিনীপুরের অখ্যাত 'নতুন পুকুর'! স্থানীয়দের কাছে যেন এক টুকরো দিঘা
- Reported by:Saikat Shee
- Published by:Madhab Das
Last Updated:
East Medinipur News: পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত নতুন পুকুর কেবল একটি জলাশয় নয়, এটি স্থানীয়দের কাছে প্রশান্তির এক অনন্য ঠিকানা। মনোরম পরিবেশ আর শান্ত জলরাশির টানে প্রতিদিন এখানে ভিড় জমছে পর্যটকদের।
ক্যালেন্ডারের পাতায় ফাল্গুন মাস। বসন্ত বিরাজ করছে। বসন্তকাল হলেও এখন থেকেই বাড়ছে তাপমাত্রা। বসন্তকাল যেন ইঙ্গিত দিচ্ছে আগত গ্রীষ্মের। গরমের দহন জ্বালা থেকে মুক্তি পেতে চায় মানুষ। দৈনন্দিনের কাজের পর সন্ধের এক টুকরো অবসর খুঁজে নিতে চায় মন। সেরকমই একটি উপযুক্ত জায়গা হল ময়না থানার নতুন পুকুর।
advertisement
প্রকৃতির কাছাকাছি বসে বুক ভরে নিশ্বাস নেওয়ার মতো একটা জায়গার প্রয়োজন আজ বড্ড বেশি হয়ে দাঁড়িয়েছে। ঠিক সেরকমই একটি উপযুক্ত এবং মনোরম জায়গা হল পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত নতুন পুকুর। স্থানীয় বাসিন্দাদের কাছে এটি কেবল একটি জলাশয় নয়, বরং ক্লান্তি হরণের এক অনন্য ঠিকানা। বসন্তের সন্ধ্যায় যখন দখিনা বাতাস এই পুকুরের জল ছুঁয়ে বয়ে যায়, তখন মুহূর্তেই সারাদিনের সব ক্লান্তি ধুয়ে মুছে যায়।
advertisement
নতুন পুকুরের মন্দির এবং পার্কে শান্ত ও স্নিগ্ধ পরিবেশ যেন এক টুকরো মরূদ্যান। পুকুরের টলটলে জল আর চারপাশের সবুজের সমারোহ চোখ ও মনকে আরাম দেয়। তপ্ত দুপুরে যে রোদের তেজ মানুষকে অতিষ্ঠ করে তোলে, বিকেলের পড়ন্ত আলোয় সেই সূর্যই যখন পুকুরের জলে প্রতিবিম্ব তৈরি করে, তখন সৃষ্টি হয় এক মায়াবী পরিবেশের। আর তাতে ভরে ওঠে মন। মন খুঁজে পেয়ে যায় অন্য সুখের ঠিকানা।
advertisement
সন্ধে ঘনিয়ে আসতেই এখানে ভিড় জমান ক্লান্তি মেটাতে আসা মানুষজন। কেউ আসেন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, কেউ বা সপরিবারে কিছুটা সময় কাটাতে। খোলা আকাশের নিচে ঠান্ডা বাতাসের পরশ নিতে নিতে মুহূর্তগুলো হয়ে ওঠে মধুময়। বসন্তের এই সন্ধিক্ষণে আগত গ্রীষ্মের গরমকে টেক্কা দিতে নতুন পুকুরের জুড়ি মেলা ভার। বলা যেতে পারে অখ্যাত পুকুরই যেন একটুকরো দিঘা।
advertisement
advertisement
ময়না থানার অন্তর্গত এই নতুন পুকুর বর্তমানে সাধারণ মানুষের কাছে আপন হয়ে উঠেছে। তাই আপনিও যদি কাজের চাপে হাঁপিয়ে ওঠেন কিংবা গরমে একটু স্বস্তির খোঁজ করেন, তবে চলে আসতে পারেন ময়নার এই নতুন পুকুর পাড়ে। প্রকৃতির সান্নিধ্যে কাটানো এখানকার প্রতিটি মুহূর্ত আপনার মনে নতুন শক্তির জোগান দেবে। যান্ত্রিকতা ভুলে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এর চেয়ে আদর্শ জায়গা আর কী-ই বা হতে পারে!








