Herbal Abir: কেমিক্যাল অতীত! কম খরচে বাড়িতেই বানান ভেষজ আবির, হাবড়ার 'এক টাকার পাঠশালায়' হারবাল রঙ তৈরির প্রশিক্ষণ
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Aishwarya Purkait
Last Updated:
North 24 Parganas News: হাবড়ার 'এক টাকার পাঠশালায়' ভেষজ আবির তৈরির পাঠ দেওয়া হল খুদেদের। পালং শাক, বিট, হলুদ, গাঁদা ফুলের রস দিয়ে হাতে কলমে রঙ তৈরির প্রতিটি ধাপ বোঝানো হল পড়ুয়াদের।
advertisement
1/6

হাবড়ার এক টাকার পাঠশালায় ভেষজ আবির তৈরির পাঠ খুদেদের। দোলের আগে রঙের বাজার জমজমাট। তবে রাসায়নিক মিশ্রিত রঙের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা বাড়ায় ইদানীং ভেষজ আবিরের চাহিদা বেড়েছে কয়েকগুণ। কিন্তু বাজারে পাওয়া ভেষজ আবিরের দাম তুলনামূলক বেশি হওয়ায় তা অনেকের সাধ্যের বাইরে। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/6
এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার হাবড়ার টুনিঘাটায় অবস্থিত ‘এক টাকার পাঠশালা’য় পড়ুয়ারা শিখল, কীভাবে ঘরোয়া উপায়ে কম খরচে ভেষজ আবির তৈরি করা যায়। এদিন সকালে পাঠশালায় হাজির হয় খুদে পড়ুয়ারা। তবে এদিন পড়াশোনার ফাঁকে চলল এই বিশেষ ভেষজ আবির তৈরির হাতে-কলমে প্রশিক্ষণ।
advertisement
3/6
আগে থেকেই পালং শাক, বিট, হলুদ এবং কমলা রঙের গাঁদা ফুলের পাঁপড়ি সংগ্রহ করে রাখা হয়েছিল। শিক্ষক সঞ্জীব কাঞ্জিলালের তত্ত্বাবধানে পড়ুয়ারা শিখল, কীভাবে এই উপকরণগুলির রসের সঙ্গে অ্যারারুট মিশিয়ে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ভেষজ আবির তৈরি করা যায়। হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে রঙ তৈরির প্রতিটি ধাপ বোঝানো হয় খুদে পড়ুয়াদের।
advertisement
4/6
শিক্ষক সঞ্জীব কাঞ্জিলাল জানান, রাসায়নিক মিশ্রিত আবির ত্বকের জন্য ক্ষতিকর এ কথা এখন অনেকেই জানেন। কিন্তু টুনিঘাটার মতো প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারের পক্ষে চড়া দামের ভেষজ আবির কেনা সম্ভব হয় না। তাই পড়ুয়াদের দিয়ে ঘরে বসেই কম খরচে ভেষজ আবির তৈরির পাঠ দেওয়া হল।
advertisement
5/6
এতে যেমন খরচ কম, তেমনই ত্বকের ক্ষতির আশঙ্কাও কমবে। তিনি আরও জানান, শুধু ছাত্র-ছাত্রীরাই নয়, এলাকার সাধারণ মানুষের মধ্যেও এই ভেষজ আবির বিতরণ করা হবে। খুদে পড়ুয়ারাও জানায়, তারা বিষয়টি এলাকায় ছড়িয়ে দেবে এবং বসন্ত উৎসবের দিন এই ভেষজ আবিরেই রঙ খেলবে।
advertisement
6/6
দোলের আগে এমন উদ্যোগে খুশি অভিভাবকরাও। সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এবং পরিবেশবান্ধব রঙ ব্যবহারে উৎসাহ জোগাতে ‘এক টাকার পাঠশালা’র এই প্রয়াস ইতিমধ্যেই এলাকায় প্রশংসিত হয়েছে। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Herbal Abir: কেমিক্যাল অতীত! কম খরচে বাড়িতেই বানান ভেষজ আবির, হাবড়ার 'এক টাকার পাঠশালায়' হারবাল রঙ তৈরির প্রশিক্ষণ