সম্প্রতি ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব আখতার জানিয়েছেন প্রথমবার আইপিএলে যখন কেকেআরের যোগ দিলাম, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ ছিল মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে। সেদিন কেকেআর লজ্জাজনক ৬৭ রানে অলআউট হয়ে গিয়েছিল। ম্যাচটা আট উইকেটে জিতে নিয়েছিল মুম্বই। তবে দুরন্ত একটা বলে সচিনকে আউট করেছিলেন শোয়েব। উইকেট রক্ষকের হাতে ধরা পড়েছিলেন মাস্টারব্লাস্টার।
advertisement
শোয়েব বলেন তারপর যখনই বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়েছি, দর্শকদের গালাগাল উড়ে এসেছে আমার ওপর। কিন্তু মুম্বইয়ের দর্শক ঘরের ছেলে সচিনকে আউট করার জন্য আমাকে গালাগাল দিচ্ছিলেন। তবে আমার ধর্ম বা দেশ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। মুম্বইতে আমি প্রচুর কাজ করেছি, আমার অত্যন্ত প্রিয় শহর। ঘরের মাঠে সচিন তেন্ডুলকরকে আউট হতে দেখা দর্শকদের কাছে সুখকর অভিজ্ঞতা ছিল না।
তাই আমার প্রতি রাগ দেখানো হয়তো স্বাভাবিক ছিল। সেদিন মাঠে উপস্থিত ছিলেন কেকেআর মালিক শাহরুখ খান। শোয়েব মনে করেন দিনটা কেকেআরের ছিল না। না হলে অত লজ্জাজনক স্কোরলাইন সেদিন হত না। শোয়েব মনে করেন এমনিতে ক্রিকেট মাঠে সচিনের সঙ্গে তার যতই লড়াই থেকে থাক, খেলার বাইরে তাদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত বন্ধুর মত ছিল।
পরে আমেরিকায় একটি প্রচারমূলক ক্রিকেট টুর্ণামেন্টে সচিন শোয়েব অনেক কথা আলোচনা করেন। পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেন। তবে সেদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে দর্শকদের গালাগালি থেকে শোয়েবকে রক্ষা করতে এগিয়ে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাউন্ডারি লাইন থেকে সরিয়ে ইনার সার্কেলে তাকে দাড় করান তৎকালীন কেকেআর অধিনায়ক।
পুরো ঘটনাটাই আজও ভাবলেই মজা পান শোয়েব। তবে সেদিন সত্যি প্রাণের ভয় পেয়েছিলেন। কিন্তু পরে যতবার মুম্বইতে এসেছেন, ভালোবাসা এবং সম্মান পেয়েছেন। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের ব্যক্তিগত সম্পর্ক অতীতেও খারাপ ছিল না, ভবিষ্যতেও হবে না বলছেন শোয়েব।
