সাল ২০০৩। 'পাপ' ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ তাঁর। অভিনয় গুণে খুব অল্প সময়েই দর্শক-মনে ছাপ ফেলেছিলেন উদিতা গোস্বামী।
একের পর এক হিট ছবি দিয়ে সাড়া ফেলেছিলেন তিনি।
প্রথম ছবির পর আর পিছনে ফিরে তাকাননি উদিতা। ২০০৫ সালে 'আকসার' ছবির সুবাদে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান অভিনেত্রী। ইমরান হাশমির সঙ্গে তাঁর রসায়ন নিয়েও নেহাত কম চর্চা হয়নি।
১৯৮৪ সালের ৯ ফেব্রুয়ারি দেরাদুনে উদিতার জন্ম। মাত্র ১৬ বছর বয়সে প্রথম ব়্য়াম্পে হাঁটা। মডেলিংকে পেশা হিসাবে বেছে নিতেই দিল্লি চলে আসেন তিনি।
অভিনয় জগতে সাফল্য পেয়েও খুব কম সংখ্যক ছবি করেছেন উদিতা। ২০১২ সালে 'ডায়েরি অফ আ বাটারফ্লাই'-এ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাঁকে।
২০১৩ সালে পরিচালক মোহিত সুরিকে বিয়ে করেন উদিতা। সেই সূত্রে তিনি ভাট পরিবার এবং ইমরান হাশমির আত্মীয়।
২০১৫ সালে এক কন্যাসন্তানের মা হন উদিতা। তিন বছর পর অর্থাৎ ২০১৮ সালে পুত্রসন্তানের- জন্ম দেন অভিনেত্রী।
নেটমাধ্যমে বেশ সক্রিয় উদিতা। জীবনের নানা বিশেষ মুহূর্তের ছবি নেটমাধ্যমে ভাগ করে নেন তিনি।