
#কলকাতা: দেশজুড়ে ফের করোনার দাপাদাপি। ফলে পরিস্থিতি বুঝে ও সংক্রমণের হার রোধে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র ও রাজ্য। দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ (Corona Second Wave) আছড়ে পড়ায় এবার রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হল। মঙ্গলবার থেকেই গরমের ছুটি (Summer Vacation) রাজ্যজুড়ে স্কুলগুলিতে। ইতিমধ্যে স্কুল শিক্ষা সচিবের নির্দেশ পৌঁছে গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কাছে। সোমবারই প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন নির্দেশিকা জারি নিয়ে স্কুল শিক্ষা সচিবের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের বিশেষ বৈঠক হয় সোমবার দুপুরে। বিকেলে বিজ্ঞতি জারি হয়।
আগামীকাল অর্থাত্ মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে। শিক্ষকদেরও আপাতত স্কুলে আসতে হবে না। গরমের ছুটি এগিয়ে আনা হল কিছুটা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যতদিন না দেশে করোনা পরিস্থিতি ফের স্বাভাবিক হচ্ছে, ততদিন স্কুল বন্ধই থাকবে। উল্লেখ্য, এখন শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের স্কুলে আসতে হচ্ছে। অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদেরই পঠন-পাঠন হচ্ছে স্কুলে সশরীরে। বাকিদের অনলাইন ক্লাস। গত বছর করোনার প্রকোপ বাড়ার পর থেকেই স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। মাঝে স্কুল খুললেন ফের দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে আর নতুন করে ঝুঁকি নিতে চাইছে না রাজ্য প্রশাসন। গত বছর এই সময় লকডাউন ছিল। ফলে গরমের ছুটির নির্ধারিত সময়ের অনেক আগেই স্কুল বন্ধ হয়েছিল। এবার দেশজুড়ে এখনও লকডাউন না হলেও করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ও রাজ্য। ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত কার্যকরও করা হয়েছে।