
Pranab Kumar Banerjee
#নবগ্রাম: বাম গণতান্ত্রিক প্রগতিশীল ও ধর্ম নিরপেক্ষ সরকার গড়তে, NRC রুখতে, কর্মসংস্থান সুনিশ্চিত করতে এবং উন্নততর নবগ্ৰাম গড়তে বামফ্রন্ট , কংগ্ৰেস , আইএসএফ মিলিত সংযুক্ত মোর্চা মনোনিত প্রার্থী কৃপালিনী ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল নবগ্ৰামের নারিকেল বাগানে। এ দিন উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার সংযুক্ত মোর্চার জোট প্রার্থী কৃপালিনী ঘোষ এবং মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার জোট প্রার্থী নিয়াজুদ্দিন শেখ ও বামেদের তারকা প্রার্থী অর্থাৎ নন্দীগ্রামের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ সিপিআইএম ও কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা।
এ দিন সভায় বক্তব্য রাখার সময় দেশের ব্যাঙ্ক-সহ বিভিন্ন সরকারি সংস্থা বেসরকারিকরণ হয়ে যাওয়া নিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "ব্যাংকগুলোকে মার্জ করে দিচ্ছে। এত গুলো ব্যাঙ্ক ছিল ২১ টা, ২১ টা থেকে ১২ টা এখন চারটে ব্যাঙ্কে পরিণত হয়েছে। আর এই চারটে ব্যাঙ্ককে এটা বিক্রি করে দিতে চাইছে। সরকারের কাছে ট্যাক্স দেওয়ার পর ব্যাঙ্কে আমরা টাকা রাখি। সেই ব্যাঙ্ক যদি বিক্রি হয়ে যায়, ব্যাঙ্ক যদি প্রাইভেটের হাতে চলে যায়। তাহলে প্রাইভেট মালিক সরকারের কাছে জবাবদিহি করবে? যে আপনার আমার পয়সা নিয়ে ও কাকে লোন দিচ্ছে না দিচ্ছে। তাহলে বিজয় মালিয়া, ললিত মোদি, নীরব মোদিকে লোন দেবে। আর নিরব মোদি, ললিত মোদি ওরাও বলবে যে আমি তো সরকারের ব্যাঙ্ক থেকে লোন নিইনি তাহলে সরকারকে কেন জবাবদিহি করব? প্রাইভেট ব্যাঙ্ক থেকে লোন নিয়েছি প্রাইভেট ব্যাঙ্কের সঙ্গে কথা বলব। আর ও দিকে প্রাইভেট ব্যাঙ্কের মালিক বলবে কী করব বলো, আমার থেকে তো লোন নিয়ে পালিয়ে গেছে। আমি ডুবে গেলাম। আমি তো আর পয়সা ফেরত দিতে পারব না। তাহলে পয়সা আমার-আপনার যাবে আমরা যাঁরা ব্যাঙ্কে পয়সা রাখি।"
এরপর নির্মলা সীতারমণের বাজেট নিয়ে তিনি বলেন, নির্মলা সীতারমণ বাজেট পেশ করে বলেছেন, যাঁর যত টাকা ব্যাঙ্কে থাকুক বিশেষ করে যাঁদের কোটি কোটি টাকা থাকবে। ব্যাঙ্ক ডুবে গেলে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। তারপর আর একটা পয়সাও দেওয়া হবে না। এই বেসরকারিকরণ রুখতে তাই সংযুক্ত মোর্চাকেই ক্ষমতায় আনার কথা বলেছেন মীনাক্ষী।