
#নয়াদিল্লি: করোনার (Corona) দ্বিতীয় ঢেউ আরও ভয়াবহ আকার নিয়েছে। দ্রুত সংক্রমণ বেড়ে চলায় এবার বড় সিদ্ধান্ত নিল দিল্লি (Delhi) সরকার। সোমবার অর্থাৎ ১৯ এপ্রিল মধ্যরাত থেকে ২৬ এপ্রিল সকাল পর্যন্ত রাজধানীতে চলবে সম্পূর্ণ লকডাউন। সোমবার ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।
রবিবার দিল্লির দৈনিক সংক্রমণের হার পুরোনো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫,৪৬২ জন। এই সংখ্যায় রাশ টানতে ও করোনা শৃঙ্খল ভাঙতেই এক সপ্তাহ সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন কেজরিওয়াল সরকার। কেজরিওয়াল জানিয়েছেন সোমবার রাত ১০টা থেকে এই লকডাউন আরোপিত হবে। ২৬ এপ্রিল ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে লকডাউন।
दिल्ली में तेज़ी से बढ़ते कोरोना मामलों के मद्देनज़र एक महत्वपूर्ण घोषणा | Press Conference | LIVE https://t.co/zAECIEcZ53
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 19, 2021
দিল্লির মুখ্যমন্ত্রী বলছেন যে, প্রথম দিন থেকেই করোনা সম্পর্কিত সমস্ত খবর নিয়ে মানুষের সঙ্গে সচ্ছ ছিল তার সরকার। করোনা পরিস্থিতি কীভাবে ক্রমশ খারাপ হয়েছে এবং হাসপাতালের কী পরিস্থিতি সমস্ত মানুষকে পরিষ্কার জানিয়েছে তার সরকার। হাসপাতালের আইসিউ বেডের ঘাটতির কথাও স্পষ্ট জানিয়েছেন বলে তিনি দাবি করেছেন।
কেজরিওয়ালের কথায়, দিল্লির স্বাস্থ্য ব্যবস্থা একটা সীমায় পৌঁছে গিয়েছে। দিল্লির মানুষের থেকে আমরা সহযোগিতা পেয়েছি। আমরা এই মহামারীর বিরুদ্ধে একসঙ্গে লড়ব।
রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দিল্লিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে। আরও অনেক বেশি অক্সিজেন প্রয়োজন স্বাভাবিকের তুলনায়। কেন্দ্রকে দায়ী করে তিনি বলেন, কেন্দ্র দিল্লিতে অক্সিজেন সরবরাহ বাড়াচ্ছে না। উপরন্তু দিল্লির প্রাপ্য অন্য রাজ্যে পাঠাচ্ছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দিল্লিতে প্রথমে নাইট কার্ফু এবং পরে সপ্তাহান্তে কার্ফু জারি করা হয়। কিন্তু তবুও রাশ টানতে না পারায় অবশেষে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করলেন তিনি।