
#মুম্বই: ভালোবাসা ও উষ্ণতায় ভাসলেন কিয়ারা আদবানি ( Kiara Advani)। সামাজিক নেট মাধ্যমে তার প্রতি ভালোবাসা ব্যক্ত করলেন তাঁরই এক অনুগামী। তার সঙ্গে খানিকটা হতাশা ও আফসোস। সম্প্রতি শ্যুটিং এর কাজে বেশ কয়েকবার দিল্লি যেতে হয়েছিল কিয়ারাকে। সেখানেই তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তাঁর এক ভক্ত। দেখা হয়নি, তাই দূর থেকেই নিজের প্রিয়তম সুপারস্টারের প্রতি একই সঙ্গে ভালোবাসা ও হতাশার অনুভূতি প্রকাশ করেছেন ওই ভক্ত।
কিয়ারা আদবানি ফ্যান পেজের Twitter আ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করেন ওই ভক্ত। দু'জন মানুষের পারস্পরিক আলিঙ্গনের সেই ছবিতে লেখা ছিল 'এই পৃথিবীতে যদি তুমি কোনও মানুষের সঙ্গে দশ মিনিটের জন্য সাক্ষাতের সুযোগ পেতে'! ছবির ওপরে কিয়ারা আদবানিকে ট্যাগ করে ওই ভক্ত লেখেন ' আমার আদর্শ কিয়ারা ম্যাম, আমি ওঁর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। সাক্ষাতের মুহূর্তটি আমার কাছে স্বপ্নপূরণের মতো সুন্দর হবে।' এর পরই ওই ভক্তের গলায় ঝড়ে পড়ে আফসোস। তিনি বলেন, 'উনি নিজের শ্যুটিং-এর কাজে একাধিকবার দিল্লি এসেছিলেন। আমার আফসোস হয়, যে সেই সময়টায় আমি ওঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি।' কিন্তু হাল ছাড়েননি, ওই অনুরাগী। এর পরে আরও যোগ করেন, 'আমি আশাবাদী, ওঁর সঙ্গে দেখা হবেই। এর পরেরবার আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। আশা করি আমার স্বপ্ন সফল হবেই।' এর পর কিয়ারাকে উল্লেখ করে নিজের ভালোবাসা জানিয়ে ফের দেখা করার ইচ্ছা প্রকাশ করতে ভোলেননি ওই ভক্ত।
তবে ঘটনার শেষ এখানেই নয়। ওই ভক্তের ট্যুইটের উত্তর দিয়েছেন কিয়ারা। লিখেছেন, 'স্বপ্ন সত্যি হয়। খুব খুব তাড়াতাড়ি হয়'। একজন সাধারণ ভক্তের ট্যুইটের জবাবে কিয়ার এই আশ্বাস মন জয় করে নিয়েছে আরও অজস্র অনুরাগী ও সমালোচকদের।
সামাজিক নেট-মাধ্যমের পাশাপাশি, কাজের জগতেও কিয়ারার সময় বেশ ভালো যাচ্ছে। এই মুহূর্তে তার হাতে মোট তিনটি প্রোজেক্ট রয়েছে। বাঙালি পরিচালক আবির সেনগুপ্তের (Abir Sengupta) পরিচালনায় 'ইন্দু কি জওয়ানি (Indoo Ki Jawani)-তে তাকে শেষবার দেখা গিয়েছে। সম্প্রতি কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) সঙ্গে তাঁর প্রোজেক্ট ' ভুলভুলাইয়া ২ ( Bhool Bhulaiyaa 2)'-এর শুটিং সমাপ্ত হয়েছে। ছবিটি এই বছরেই মুক্তি পেতে চলেছে। পরবর্তী প্রোজেক্ট হিসাবে কিয়ারার হাতে রয়েছে পরমবীর চক্র বিজয়ী, ও কার্গিল যুদ্ধের নায়ক ও ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন বিক্রম বাত্রার আত্মজীবনীমূলক ছবি। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন সিদ্ধার্থ মালহোত্রা ( Sidharth Malhotra)।