
#কলকাতাঃ রাজ্যের করোনা পরিস্থিতি (Coronavirus) নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। সোমবার আলিপুরের (Alipur) উত্তীর্ণে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নেতৃত্বে জরুরি বৈঠক বসে। বৈঠক শেষে পুরমন্ত্রী জানান, করোনা মোকাবিলা করতে আগামিকাল থেকে সব ওয়ার্ড স্যানিটাইজ (Sanitize) করা হবে। পাশাপাশি, করোনা মোকাবিলা করতে চার-পাঁচটি সেফ হোম (Safe Home) তৈরি হতে পারে। উত্তীর্ণতে ৫০০ বেডের 'সেফ হোম' তৈরির ভাবনা। পাশাপাশি, কিশোর ভারতীতেও ৫০০ ওয়ার্ডের 'সেফ হোম' হতে পারে।
করোনার দ্বিতীয় ঢেউ (Covid 19 Second Wave) রাজ্যে (West Bengal) আছড়ে পড়ার পর, তার মোকাবিলায় কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে এই সভায় আলোচনা হয়েছে এই বৈঠকে। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন নগরোন্নয়ন দফতরের শীর্ষ আধিকারিকরা, উপদেষ্টা চিকিৎসক তথা রাজ্য সভার সাংসদ শান্তনু সেন, ও চিকিৎসক অভিজিৎ চৌধুরী। রাজ্যে আরও বেশ কিছু কোয়ারেন্টিন (Quaraintine) সেন্টারও 'সেফ হোম' তৈরি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আনন্দপুরে ৭০০ ও গীতাঞ্জলি স্টেডিয়ামে ২০০ শয্যার সেফ হোম তৈরি করা হতে পারে বলে জানা যাচ্ছে। এ ভাবে ২০০০ শয্যার ব্যবস্থা করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার থেকেই এই সব ব্যবস্থা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরমন্ত্রী বলেন, "আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়লাম। করোনা প্রতিরোধ করাই এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিশোরভারতী স্টেডিয়ামে ৫০০, উত্তীর্ণতে ৫০০, গীতাঞ্জলিতে ২০০, আনন্দপুরে ৭০০ বেড নিয়ে ‘সেফ হোম’ তৈরি হবে। ১০ টি অ্যাম্বুল্যান্স দাঁড়িয়ে থাকবে ‘সেফ হোম’-এর বাইরে।"