Congress will not contest Bhabanipur By Poll: ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী দেবে না কংগ্রেস, সংযুক্ত মোর্চার হয়েও প্রচার নয়, জানালেন অধীর চৌধুরী

সংযুক্ত মোর্চার তরফে ভবানীপুরে প্রার্থী দেওয়া হলেও যে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার করবে না, তাও পরিষ্কার করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি (Congress will not contest Bhabanipur By Poll)৷

Congress will not contest Bhabanipur By Poll: ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী দেবে না কংগ্রেস, সংযুক্ত মোর্চার হয়েও প্রচার নয়, জানালেন অধীর চৌধুরী

#মুর্শিদাবাদ: ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস৷ এ দিন মুর্শিদাবাদে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ কংগ্রেস হাইকম্যান্ডের নির্দেশেই ভবানীপুরে প্রার্থী দেওয়া হচ্ছে না বলে স্পষ্ট করে দিয়েছেন অধীর৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিয়ে কংগ্রেস বিজেপি-র সুবিধে করে দিতে চায় না বলেও জানিয়েছেন প্রদেশ সভাপতি৷ এমন কি, সংযুক্ত মোর্চার তরফে ভবানীপুরে প্রার্থী দেওয়া হলেও যে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার করবে না, তাও পরিষ্কার করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷

অধীর রঞ্জন চৌধুরী বলেন, 'প্রদেশ কংগ্রেসে সকলের সঙ্গে আলোচনার করে আমরা নিজেদের মতামত সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছিলাম৷ এ দিনই সর্বভারতীয় নেতৃত্ব আমাদের জানিয়েছে, উপনির্বাচনে কংগ্রেস ভবানীপুরে প্রার্থী দেবে না৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেস ভবানীপুরে লড়বে না৷ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিয়ে বিজেপি-কে সহযোগিতা করব না৷'

তবে শুধু ভবানীপুরই নয়, সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরেও নির্বাচনে লড়ছে না কংগ্রেস৷ কারণ জঙ্গিপুরে বামেদের তরফে প্রার্থী দেওয়া হয়েছিল৷ আর সামশেরগঞ্জে যাঁকে কংগ্রেস প্রার্থী করতে চেয়েছিল, তিনিই বেঁকে বসেছেন৷ ফলে নতুন করে সেখানে প্রার্থী দেওয়ার সুযোগ নেই৷ ফলে কংগ্রেস না লড়ায় ওই দুই কেন্দ্রেও তৃণমূলের কাজটা অনেক সহজ হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

বিধানসভা নির্বাচনের পর পরই অধীর চৌধুরী জানিয়ে দিয়েছিলেন, তিনি ভবানীপুরে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার বিপক্ষে৷ এই মুহূর্তে সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট গঠনে অগ্রণী ভূমিকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে সমন্বয় রেখেই চলছে কংগ্রেস৷ এমন কি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতার নিন্দা করে ট্যুইটও করেছে কংগ্রেস৷ দিল্লিতে গিয়ে সনিয়া এবং রাহুল গান্ধির সঙ্গে বৈঠক করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই পরিস্থিতিতে ভবানীপুরে প্রার্থী না দিয়ে বিজেপি বিরোধী জোটের প্রক্রিয়া আরও শক্তিশালী করল কংগ্রেস৷ বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে খাতাই খুলতে পারেনি কংগ্রেস৷ ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ে কংগ্রেস দুর্দান্ত কোনও ফল করবে, এমন প্রত্যাশা অতি বড় কংগ্রেস নেতাও করছেন না৷ তার থেকে ভবানীপুরে প্রার্থী না দিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা সম্ভব হবে৷ তাতে ২০২৪-এর প্রস্তুতিতে সুফল পাবে কংগ্রেস৷

Published by:Debamoy Ghosh
First published:September 07, 2021, 20:26 IST